২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই বাজেট আর্থ-সামাজিক উন্নয়নের: প্রধানমন্ত্রী

‘রাজনৈতিক স্থিতিশীলতা’ নিশ্চিতের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের তালিকায় থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 02:57 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

শনিবার জাতীয় সংসদের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, “এই বাজেট বাস্তবায়ন হলে আর্থ-সামাজিক উন্নয়ন আরো বৃদ্ধি পাবে, মানুষ উন্নত জীবন-যাপন করবে।”

ঘাটতি বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বাজেট ঘাটতি পাঁচ ভাগ। এটা কোনো ঘাটতি না। সকল দেশেই বাজেট ঘাটতি থাকে।”

২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে বলে নিজের ‘দৃঢ় বিশ্বাসের’ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হব। সেক্ষেত্রে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার।”

“দেশের মানুষের স্বপ্ন পূরণই একমাত্র লক্ষ্য। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেটে শুল্কারোপের কয়েকটি প্রস্তাব পুনঃবিবেচনার এবং মোবাইল ফোনের ব্যবহারের ওপর সারচার্জ আরোপের কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবেশে সারচার্জ আরোপকে স্বাগত জানিয়ে বলেন, “এটা আগে ছিল না, এটা নতুন প্রস্তাব- এজন্য আপনাকে (অর্থমন্ত্রী) ধন্যবাদ জানাই।”

“দেশীয় শিল্পকে প্রটেকশন করায় কিছু করারোপ করা হয়েছে”, বলেন প্রধানমন্ত্রী।

মোবাইল ফোনের আমদানির উপর শুল্ক বৃদ্ধি প্রস্তাব কিছুটা বেশি হয়ে গেছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন,  “মোবাইল ফোনের আমদানির ওপর শুল্ক কিছুটা হ্রাস করতে পারেন। মোবাইল ফোনের ব্যবহারের ওপর সারচার্জ বসাতে পারেন। এ থেকে যে রাজস্ব আসবে সেটা শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ব্যবহার করতে পারি।”

এলপিজি সিলিন্ডার আমদানির ওপর শুল্ক বাড়ানোর প্রস্তাব পুনঃবিবেচনার ওপর সুপারিশ করে প্রধানমন্ত্রী বলেন, “পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের অপচয় আর করা যাবে না। এলপিজি সিলিন্ডার আমাদের দেশেও তৈরি হচ্ছে। কিন্তু তা যথেষ্ট না। এলপিজি সিলিন্ডার সহজ শর্তে আমদানি প্রয়োজন।”

আবাসন শিল্পের ওপর উৎস কর বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে- তা কিছুটা নমনীয় করার প্রস্তাব করে প্রধানমন্ত্রী বলেন, “আবাসন শিল্প কিছুটা মন্দা যাচ্ছে।”  

“সাবান ও ডিটারজেন্টের উপর অতিরিক্ত শুল্কারোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এটা প্রত্যাহার হলে অসুবিধা হবে না।”

পুঁজিবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “পুঁজিবাজার এবং এর উন্নয়নে নেওয়া সংস্কার অব্যাহত রাখতে হবে। পুঁজিবাজারের যে ব্যবস্থা চালু করেছি- তা যেনো স্থিতিবস্থায় থাকে।”

প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেটকে অত্যন্ত সময়োপযোগী হিসাবে উল্লেখ করে বলেন, “আর্থ-সামাজিক উন্নয়নের কথা মাথায় রেখেই অর্থমন্ত্রী বাজেট দিয়েছেন।”

“এই বাজেটের পর দ্রব্যমূল্য বৃদ্ধি পায়নি”, যোগ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের সমস্যা দূর করতে এমন একটি বাস্তবমুখী বাজেট দেওয়া হয়েছে। কেউ সমালোচনা করার সুযোগ পায়নি।”

যারা প্রস্তাবিত বাজেটের সমালোচনা করছেন, তাদের পাল্টা সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “যত ভালো কাজই করেন না কেনো- কারো কোনো কিছুই ভাল লাগে না। সব কিছুতেই কিন্তু ভুল খোঁজেন।”

“রাতে না ঘুমিয়ে মধ্যরাতে সমালোচনা করে কি আনন্দ পান-আমি তা জানি না”

সুইস ব্যাংকে গচ্ছিত বাংলাদেশের নাগরিকদের অর্থ ফেরত আনতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সুইস ব্যাংকে থাকা অর্থের তালিকা চেয়েছি। সে টাকা যতদূর সম্ভব ফেরত এনে দেশের মানুষের উন্নয়নে ব্যয় করবো।”

প্রধানমন্ত্রী  বলেন, ডিসেম্বরে বেতন কমিশনের প্রতিবেদন পেলে সরকারি কর্মকর্তাদের বেতন আরেকদফা বৃদ্ধি করা হবে।

রপ্তানি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়া, প্লাস্টিক পণ্য এবং তথ্য-প্রযুক্তিতে যারা বিনিয়োগ করতে চান- তাদের সুযোগ দেওয়া হচ্ছে।”

প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে এসেছেন।”

“আমাকে সমালোচনা করেছেন। গঠনমূলক সমালোচনা”, বলেন প্রধানমন্ত্রী।

রওশন এরশাদ তার বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি যদি বঙ্গবন্ধু কন্যা হয়ে থাকেন তাহলে খাদ্যে বিষ বন্ধ করুন। আপনার মনে দেশের মানুষের জন্য দরদ নেই? বিষ বন্ধ করবেন না?”

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে বলেন, “খাদ্যে ভেজাল বা ফরমালিন আছে- তা উনি জানতেনই না, যদি না সরকার তা ধরার উদ্যোগ নিতো।”

“মানুষ কীভাবে বাঁচে। নদীর পানি দূষিত”, বলেছিলেন রওশন এরশাদ।

জবাবে শেখ হাসিনা বলেন, “তারা ক্ষমতায় ছিলেন। তারা শুরু থেকে ব্যবস্থা নিলে এই অবস্থা হতো না।”

রওশন এরশাদ তার বাজেট বক্তৃতায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেছিলেন, “আপনি ভালো পানি খাচ্ছেন বলে বুঝতে পারছেন না। মানুষ তো খাচ্ছে না।”

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় হাসতে হাসতে রওশন এরশাদের সামনে রাখা সুবজ রঙের একটি বোতলের দিকে ইঙ্গিত করে বলেন, “আমি দেশি পানিই খাচ্ছি। তাকিয়ে দেখেন ওনার টেবিলে। উনি সবুজ বোতলে বিদেশি পানি খাচ্ছেন।”

এই কথা বলে প্রধানমন্ত্রী তার টেবিলে রাখা গ্লাসে পানি পান করেন।