মাদকাসক্ত বাবাকে পুলিশে দিল ছেলে
চুয়াডাঙ্গা সদরে মাদক কেনার টাকার জন্য মাকে মারধর করার অভিযোগে বাবাকে পুলিশে দিয়েছে ছেলে।
শুক্রবার রাত ১০টায় হাসপাতাল এলাকা থেকে বাবা শহিদুল ইসলামকে (৫০) ধরে থানায় দিয়ে আসে সোহেল রানা (২৭)।
শহিদুল চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতাল পাড়ার বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জানান, অনেক চেষ্টা করেও শহিদুলকে মাদক সেবন থেকে বিরত করতে পারেনি পরিবার।
তিনি বলেন, “শুক্রবার বিকেলে শহিদুল মাদক কেনার জন্য স্ত্রী ঝর্ণা খাতুনের কাছে টাকা চায়। ঝর্ণা টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি ঝর্ণাকে মারপিট শুরু করেন। একপর্যায়ে ঝর্ণাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি থেকে চলে যায় শহিদুল ।”
“সোহেল মাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এনে ভর্তি করে এবং রাত ১০টার দিকে হাসপাতাল এলাকা থেকে বাবাকে ধরে সদর থানায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।”
শনিবার সকালে সোহেল রানা বাবার বিরুদ্ধে মাদকের টাকার জন্য মারপিট করার অভিযোগে মামলা দায়ের করেছে এবং সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান পরিদর্শক কামরুজ্জামান।
