সিইডিএডব্লিউর সদস্য নির্বাচিত বাংলাদেশ
জাতিসংঘের নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ কমিটির (সিইডিএডব্লিউ) সদস্য হিসেবে নির্বাচিত হলেন ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান।
বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় দুপুরে জাতিসংঘ সদরদপ্তরে সিইডিএডব্লিউ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৮জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সদস্যদের ভোটে চার বছরের জন্য নির্বাচিত হন ইসমতসহ ১২জন।
নির্বাচনে বাংলাদেশের প্রতিনিধি ইসমত জাহান পঞ্চম সর্বোচ্চ ভোট (১৪৩ ভোট) পেয়ে সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১১-২০১৪ মেয়াদেও ১৫৩ ভোট পেয়ে এই কমিটির সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।
নির্বাচনের ফল ঘোষণার পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত একেএ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিইডিএডব্লিউর সদস্য হিসাবে ইসমত জাহানের নির্বাচিত হওয়া বহির্বিশ্বে দেশের উজ্জ্বল ভাবমূর্তির বহিঃপ্রকাশ।
“এতে প্রমাণিত হয়- এমডিজির অন্যতম লক্ষ্য নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও নারীদের কাজের ক্ষেত্র প্রসারে বাংলাদেশ বিশ্বব্যাপী পথ প্রদর্শক।”
নতুন নির্বাচনের ফলে ইসমত জাহান চার বছরের জন্য সিইডিএডব্লিউ কমিটিতে দায়িত্বপালন করবেন বলে জানান তিনি।
রাষ্ট্রদূত মোমেন বলেন, “গত ৫ জানুয়ারির নির্বাচনের পর সিইডিএডব্লিউ সদস্য পদে বাংলাদেশ প্রতিনিধির বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দ্ব্যর্থহীন সমর্থনের বহিঃপ্রকাশ ঘটেছে।”
এছাড়া রাষ্ট্রদূত ইসমত জাহান নির্বাচনকে কেন্দ্র করে নিউ ইয়র্কে এসে বাংলাদেশ মিশনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়ে নিজের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন।
সিইডিএডব্লিউ কমিটির ১২টি শূন্য পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সর্বোচ্চ ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয় কিউবা। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয় যথাক্রমে তুরস্ক(১৫০), অস্ট্রিয়া (১৪৭) ও মরিসাস (১৪৪)।
১৪৩ ভোট পেয়ে পঞ্চম সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। এছাড়া সুইজারল্যান্ড ১৪২ ভোট, জাপান ১৪০ ভোট, পেরু ১৩৪ ভোট, ইসরাইল ১২৮ ভোট, আলজেরিয়া ১২৬ ভোট, জর্জিয়া ১২৬ ভোট ও মিশর ১২৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়।
নির্বাচনে পরাজিত দেশগুলো হলো- বুলগেরিয়া (১১২ ভোট), বসনিয়া (১০৬ ভোট), বাহরাইন (১০০ ভোট), কম্বোডিয়া (৮১ ভোট), পোল্যান্ড (৫৪ ভোট) ও ইরাক (৪৯ ভোট)।
