২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শনার অপহৃত মেয়েটি উদ্ধার হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনায় মাকে হত্যা করে সাবেক স্বামী কর্তৃক অপহৃত জোসনা খাতুনকে ফেলে যাওয়ার পর উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শুক্রবার ভোররাতে যশোরের চৌগাছা থেকে তাকে উদ্ধার করা হয়।

এদিকে, শুক্রবার দুপুরে জোসানর মা নিহত তহমিনা বেগমের লাশের ময়নাতদন্তের পর লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।  

বৃহস্পতিবার রাতে দর্শনার আজমপুর এলাকায় তহমিনাকে কুপিয়ে ও গাড়িচাপা দিয়ে তার মেয়ে জোসনা খাতুনকে অপহরণ করে জোসনার সাবেক স্বামী আতিয়ার রহমান। হাসপাতালে নেযার সময় তহমিনার মৃত্যু হয়।

এ হত্যা ও অপহরণের ঘটনায় বৃহস্পতিবার রাতেই জোসনার সাবেক স্বামী চৌগাছার আতিয়ার রহমানসহ ৭/৮ জনকে আসামি করে দামুড়হুদা থানায় মামলা করেছেন জোসনার বাবা আব্দুল কাদের।

আব্দুল কাদের সাংবাদিকদের জানান, যশোরের চৌগাছা উপজেলার গোয়াতুলা গ্রামের শের আলীর ছেলে আতিয়ার রহমানের সঙ্গে সাত বছর আগে তার মেয়ে জোসনার বিয়ে হয়।

বিয়ের পর থেকে জোসনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে আতিয়ার। সে ছিল ভবঘুরে। কোনো কাজকর্ম করত না।

এসব কারণে ২০১১ সালে জোসনা তার স্বামী আতিয়ারকে তালাক দেন।

এরপর থেকে আতিয়ার বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল রহমান জোসনা খাতুন ও তার পরিবারের সদস্যদের।

আব্দুল কাদের জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আতিয়ার রহমান ৭-৮ জনকে সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসযোগে দর্শনার আজমপুরে তাদের বাড়ি আসে।

এক পর্যায়ে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে গেলে আতিয়ার সঙ্গে আনা সশস্ত্র লোকজন নিয়ে তাদের বাড়ি ঢুকে জোসনাকে জোর করে মাইক্রোবাসে তুলে নেওয়ার চেষ্টা করে।

এ সময় জোসনার মা তহমিনা খাতুন বাধা দিলে আতিয়ার ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে তহমিনা বেগমকে। তারপর তারা জোসনাকে মাইক্রোবাসে তুলে নেয়।

আহত অবস্থায় তহমিনা বেগম মাইক্রোবাসের সামনে দাঁড়িয়ে তার মেয়েকে উদ্ধার জন্য চিৎকার শুরু করলে তহমিনার উপর দিয়ে মাইক্রোবাস চালিয়ে চলে যায় তারা।

আব্দুল কাদের জানান, ধারালো অস্ত্রের আঘাতে ও মাইক্রোবাসের চাপায় গুরুতর জখম তহমিনা বেগমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সউদ কবির বলেন, হাসপাতালে পৌঁছার আগেই তহমিনা বেগমের মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাত এবং গাড়ি চাপায় শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

জোসনাকে রেখে আতিয়ার পালায়

পুলিশ জানায়, জোসনাকে অপহরণের পরপরই তাকে নিয়ে যাওয়া হয় যশোরের চৌগাছায়। চৌগাছার পাঁচনওলা গ্রামে মুকুল মৃধা নামেরেএক ব্যক্তির বাড়িতে জোসনাকে নামিয়ে দিয়ে আতিয়ার ও তার লোকজন মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।

জোসনার কাছে সব ঘটনা শোনার পর মুকুল মৃধা ঠিকানা নিয়ে রাতেই চৌগাছায় জোসনার এক আত্মীয় বাড়িতে জোসনাকে পৌঁছে দেন।

পরে পুলিশ গিয়ে সেখান থেকে জোসনাকে চুয়াডাঙ্গায় নিয়ে আসে।

শুক্রবার বেলা দেড়টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে তহমিনা বেগমের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

বিকালে চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়া কবরস্থানে নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়। 

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, বৃহস্পতিবার রাতে জোসনার বাবা আব্দুল কাদের দামুড়হুদা থানায় আতিয়ার রহমান, আব্দুল লতিফসহ অজ্ঞাত পরিচয় আরো সাত-আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।