২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে কর্ণফুলীতে টানেল নির্মাণ শুরু: মন্ত্রী

জানুয়ারিতে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 02:04 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

শুক্রবার সকালে পতেঙ্গার নেভাল সৈকত এলাকায় টানেলের স্থান পরিদর্শন করে এ কথা জানান তিনি।

যোগাযোগমন্ত্রী জানান, নয় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টানেলটির দৈর্ঘ্য হবে সাড়ে তিন কিলোমিটার এবং প্রস্থ হবে এক দশমিক ৭৫ কিলোমিটার।

টানেলটি এশিয়ান হাইওয়ে ও ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাথে যুক্ত হবে জানিয়ে তিনি বলেন, “টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম হবে ‘ওয়ান সিটি টু টাউন’।”

যোগোযোগমন্ত্রী বলেন, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে চীনা প্রতিষ্ঠান ‘সিসিসি’ এবং হংকংয়ের ‘অরূপ’ নামে দুইটি প্রতিষ্ঠান টানেলের সম্ভাব্যতা যাচাই শেষ করে অ্যালাইনমেন্ট তৈরি করেছে।

জি টু জি’র (সরকার থেকে সরকার) মাধ্যমে টানেল নির্মাণ করা হবে বলে জানান তিনি।

২০১৮ সালের ডিসেম্বর মাসে কাজ শেষ হওয়ার আশা করছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় তার সঙ্গে ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম, পতেঙ্গা এলাকার সাংসদ এমএ লতিফ, সীতাকুণ্ডের সাংসদ দিদারুল আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ সালাম, সিডিএ চেয়ারম্যান আব্দুচ ছালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির।