প্রধানমন্ত্রীর বোন-মেয়ের সঙ্গে সুষমার বৈঠক
ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করেছেন শেখ রেহানা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
শুক্রবার সকাল ৯টা ২৫ মিনিটে এই দুই জন হোটেল সোনারগাঁওয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করতে হোটেলে যান।
এর আগে সুষমা পুরান ঢাকায় জাতীয় মন্দির ঢাকেশ্বরী পরিদর্শন করেন। এরপর ৯টা ৮ মিনিটে তিনি আবার হোটেলে ফিরে আসেন।
গত মাসে ভারতের সাধারণ নির্বাচনে বিজেপি ক্ষমতায় যাওয়ার পর নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পান সুষমা।
পররাষ্ট্র মন্ত্রী হিসেবে বাংলাদেশে প্রথম সফরে বুধবার ঢাকায় আসেন বিজেপির এই নেত্রী। তিনদিনের সফরে শেষ দিনে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসবেন।
সুষমা স্বরাজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
