নিজামীর স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদন ট্রাইব্যুনালে
যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পৌঁছেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কেএম নাসিরুদ্দীন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (বৃহস্পতিবার) বিকাল সোয়া ৩টার দিকে কারা কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবেদন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার অফিসে পৌঁছে।”
গত মঙ্গলবার নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার কথা থাকলেও তিনি অসুস্থ হয়ে পড়ায় তা আবারো পিছিয়ে যায়। এর আগে দু’বার রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়েছেলো এ মামলাটি।
রেজিস্ট্রার বলেন, “প্রতিবেদনে বলা হয়েছে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি সুস্থ হয়েছেন জানালে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।”
ফাইল ছবি
২০১৩ সালের ১৩ নভেম্বর বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীর মামলার রায় অপেক্ষমান রাখে।
তবে রায় দেয়ার আগেই ট্রাইব্যুনাল-১ চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসা বিচারপতি এ টিএম ফজলে কবীর গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে গেলে এই আদালতের বিচার কার্যক্রমে কার্যত স্থবিরতা তৈরি হয়। ঝুলে যায় নিজামীর রায়ও।
পরে এবছরের ২৩ ফেব্রুয়ারি হাই কোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয়া হয়।
দায়িত্ব নিয়ে আসামিপক্ষের আবেদনে গত ২৬ ফেব্রুয়ারি এই মামলার যুক্তিতর্ক আবার করতে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর নতুন এই চেয়ারম্যান।
দ্বিতীয় দফা যুক্তিতর্ক শেষে গত ২৪ মার্চ নিজামীর যুদ্ধাপরাধের মামলা রায়ের জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল।
রায় লেখার পর গত ২৩ জুন রায়ের দিন ঘোষণা করে ট্রাইব্যুনাল। ওই ঘোষণা অনুসারে মঙ্গলবার রায় দেয়ার দিন ছিলো।
