বেলকুচিতে সেপটিক ট্যাংকে ২ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নবনির্মিত একটি সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে, অসুস্থ হন আরো দুজন।
বৃহস্পতিবার তামাই কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মৃতরা হলেন কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের নিজাম উদ্দিনের ছেলে বাবু (২৫) ও ফজল আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০)।
আলমগীরকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর লেবু সুস্থ হয়ে উঠেছেন।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, চার নির্মাণ শ্রমিক মাস খানেক আগে তামাই কাজিপাড়া গ্রামের হাজী আব্দুল মান্নানের বাড়িতে একটি গভীর সেপটিক ট্যাংক নির্মাণ করেন এবং এরপর ট্যাংটির উপরিভাগ ঢেকে রেখে যান।
বৃহস্পতিবার দুপুরে আবার কাজ করতে আসেন তারা। নির্মাণ কাজ চলাকালে ব্যবহৃত কিছু বাঁশ ট্যাংকের ভেতর থেকে গিয়েছিল। সেগুলো তোলার জন্য শ্রমিক বাবু ট্যাংকের ভেতর নামেন এবং সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন।
এরপর তাকে উদ্ধার করতে নামেন অপর তিন শ্রমিক।
এসআই আমিরুল ইসলাম আরো জানান, বাবু সেখানেই মারা যান এবং বাকি তিন জনকে স্থানীয়রা উপরে তুলে হাসপাতালে নেয়ার পথে শহিদুল ইসলামের মৃত্যু হয়।
