২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে রাস্তায় বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় এবং রাস্তার চার লেনের কাজ চলার কারণে যানজট দেখা দিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 05:02 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ফেনীর মুহুরীগঞ্জ এলাকা থেকে মোহাম্মদ আলী বাজার পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার অংশে এ যানজট হয়। 

এছাড়া মহাসড়কে অধিক সংখ্যক ট্রাক ও কভার্ড ভ্যান চালাচল করায় যাত্রীবাহী বাসসহ ছোট গাড়ির যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গির আলম জানান, মহাসড়কের লেমুয়া, লালপোল, মহিপাল, ফতেহপুর অংশে বড় বড় গর্ত থাকায় এবং মহিপাল অংশে ফোর লেনের কাজ চলায় যানজট বেড়েছে।

যানজট নিরসনে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে একাধিক ট্রাফিক পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় বাড়ি ফেরত গাড়ির সংখ্যা বাড়তে থাকায় বিকালে যানজট আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।