২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরমালিন পরীক্ষার নামে হয়রানির অভিযোগ

চট্টগ্রামে ফরমালিনবিরোধী অভিযানের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ফল ব্যবসায়ীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 05:00 PM

Updated : 25 Apr 2022, 04:22 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘হয়রানি’ বন্ধের দাবি জানানোর পাশাপশি ছয় দফা দাবিও তুলে ধরনে ব্যবসায়ীরা।

দাবিগুলোর মধ্যে রয়েছে ল্যাবরেটরিতে পরীক্ষা ছাড়া ফরমালিন মেশানোর ‘অজুহাতে’ কোনো ধরনের ফল ধ্বংস করা যাবে না।

চট্টগ্রামের ফলের বাজারগুলোকে ফরমালিনমুক্ত ঘোষণা করার পশাপাশি যেসব ব্যবসায়ীর ফল ধ্বংস ও অর্থিক জরিমানা করা  হয়েছে সরকারের পক্ষ থেকে তাদের ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানান তারা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, বাংলাদেশের বাণিজ্য নীতিমালা মেনে বিদেশ থেকে ফল আমদানি করা হয়।

ফলগুলো চট্টগ্রাম বন্দরে আসার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেয়া হয় দাবি করে তিনি বলেন, বিদেশ থেকে ফল আমদানি করে শুল্কসহ বিভিন্ন কর পরিশোধের মাধ্যমে সরকারকে ব্যবসায়ীরা দুই হাজার কোটি টাকা রাজস্ব পরিশোধ করে থাকেন।

তিনি অভিযোগ করেন, বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি ও  বুয়েটের মাধ্যমে পরীক্ষা না করে ফরমালডিহাইড জেট-৩০০ নামে একটি যন্ত্র দিয়ে ফরমালিন পরীক্ষা করা হয়।

এ যন্ত্রের মাধ্যমে ফরমালিনের সঠিক ফলাফল পাওয়া যায় না দাবি করে তিনি বলেন, “জেট ৩০০ যন্ত্রের মাধ্যমে ফরমালিন সনাক্তের মাধ্যমে যেভাবে ফল ধ্বংস করা হচ্ছে তাতে অনেক আমদানিকারক ও  ব্যবসায়ী তাদের পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছে।” 

দাবি না মানা হলে কঠোর কর্মসূচির হুমকি দিলেও কোনো সময় বেঁধে দেননি ব্যবসায়ীরা।

সকাল থেকে দুপুর একটা পর্যন্ত দোকান বন্ধ রেখে প্রতিবাদ জানান চট্টগ্রামের ফল ব্যবসায়ীরা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফল ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মালেক চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. ফজল করিম, তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন সবুজ, অর্থ সম্পাদক মো. হানিফসহ সমিতির নেতৃবৃন্দ ও ফল ব্যবসায়ীরা।