২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শিক্ষার্থীদের বাসে শিবিরের হাতবোমা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 12:36 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

সংগঠনের এক নেতার ওপর হামলার প্রতিবাদে ডাকা ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার সকালে চারুকলা বিভাগের সামনে মিছিল বের করলে ধাওয়া দিয়ে শিবির কর্মীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

মতিহার থানার ওসি আলমগীর হোসেন জানান, সকাল ৯টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন রুটে ছেড়ে যাওয়া বাসের একটি ভাংচুর করে শিবির কর্মীরা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় দুটি এবং প্রধান ফটকের সামনে আরো একটি বাস ভাংচুর করা হয়।

এসময় শিবির কর্মীরা ছাত্রছাত্রীদের বাস লক্ষ্য করে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে জানান তিনি।

এছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা প্রহরী ও পুলিশ দ্বিতীয় প্রশাসন ভবনের সামনের রাস্তা থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।

ভাংচুরে জড়িত সন্দেহে নগরীর মন্ডলের মোড় এলাকা থেকে চার জনকে আটক করা হয়েছে।

ওসি জানান, সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা মাঠে শিবির কর্মীরা মিছিল বের করলে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে পরপর দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

গত ১৬ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনে হামলায় আহত হন শিবিরের নবাব আব্দুল লতিফ হল শাখার সাধারণ সম্পাদক রাসেল আলম।