২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজায় যানজট নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে পরিবহনের রুট পরিবর্তন

রোজায় যানজট নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম নগরীর গণপরিবহন চলাচলে রুট পরিবর্তন করেছে ট্রাফিক বিভাগ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 07:41 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

আগামী শনিবার থেকে নগরীতে চলাচল করা গণপরিবহনগুলো নতুন রুটে চলার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

এছাড়া রোজার সময় যান চলাচলেও বেশ কিছু নির্দেশনা দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

ট্রাফিক বিভাগ থেকে প্রাপ্ত তথ্য মতে নগরীর ১০টি রুটে দৈনিক এক হাজার বাস এবং মিনিবাস চলাচল করে।

এর মধ্যে কালুরঘাট থেকে পতেঙ্গা সৈকত পর্যন্ত ১০ নম্বর রুটে সর্বোচ্চ দুই শতাধিক বাস ও মিনিবাস বাস চলাচল করে ।

বর্তমানে নগরীতে চলাচলকারী বাসগুলো ১০টি ও মিনিবাস ১৪টি রুটে চলাচল করে। এরমধ্যে অধিকাংশ বাস ও মিনিবাসের রুট নিউমার্কেট পর্যন্ত।

নগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (উত্তর) ফারুক আহামেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীতে চলাচল করা অধিকাংশ রুটের বাসগুলোর শেষ গন্তব্য নিউমার্কেট এলাকায়। যার কারণে এই এলাকাটিতে অধিকাংশ সময় যানজট লেগে থাকে।

নিউমার্কেট এলাকায় সড়কে গাড়ির চাপ কমাতে পরিবহন মালিক শ্রমিকদের সাথে বসে নতুন রুট নির্ধারণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ফারুক।

তিনি বলেন, রোজার আগে আগামী শনিবার থেকে নতুন রুটে গণপরিবহনগুলো চলাচল শুরু করবে।

রোজার আগে এ উদ্যোগ নেয়া হলেও তা স্থায়ীভাবে কার্যকর হবে বলে জানান উপ-কমিশনার ফারুক।

পুরাতন নিয়মে এক থেকে আট নম্বর রুটের বাসগুলো নিউমার্কেট পর্যন্ত আসলেও নতুন ব্যবস্থায় এক, তিন, চার নম্বর রুটের বাসগুলো নিউমার্কেট এলাকায় যেতে পারবে না।

এরমধ্যে এক নম্বর রুটের বাস কালুরঘাট সেতু থেকে কোতোয়ালী মোড় পর্যন্ত পথে ও তিন নম্বর রুটের বাস বিশ্ববিদ্যালয় ১ নম্বর গেট থেকে সিনেমা প্যালেস।

চার নম্বর রুটের বাস ভাটিয়ারী থেকে টাইগার পাস হয়ে স্টেশন রোড কবরস্থান এলাকা পথে চলবে এবং একই পথে ফিরবে। 

এদিকে বুধবার বিকালে বিভিন্ন গণমাধ্যম কার্যালয়ে পাঠানো নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে রোজার সময় নগরীতে যানচলাচলে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, রমজান মাসে নগরীর চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণকেন্দ্র খাতুনগঞ্জমুখী কোনো পণ্যবাহী গাড়ি বেলা তিনটা থেকে ইফতার পর্যন্ত টেরিবাজার ও আনসার ক্লাব হয়ে প্রবেশ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে কেনাকাটা করতে যাওয়া ক্রেতাদের রাত ১০ টার পর মার্কেটে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

এছাড়াও জিইসি মোড় থেকে গোল পাহাড় হয়ে প্রবর্ত্তক এবং জিইসি মোড় থেকে ব্লুসম গার্ডেন পর্যন্ত উভয় পাশে সড়কের ওপর গাড়ি পার্কিং করা যাবে না বলেও নির্দেশনায় জানানো হয়।