২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে ঝুঁকিতে থাকা শতাধিক পরিবার উচ্ছেদ

বর্ষায় পাহাড় ধসে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী শতাধিক পরিবারকে স্থায়ীভাবে উচ্ছেদ করা হয়েছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 05:52 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

পুলিশের সহায়তায় জেলা প্রশাসন বুধবার চট্টগ্রাম নগরীর লালখান বাজারের টাংকি পাহাড়ে এ অভিযান চালায়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম আব্দুল কাদের জানান, নগরীর ১১টি পাহাড়ে ঝুঁকিতে থাকা ৬৬৬টি পরিবারকে চিহ্নিত করে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

পর্যায়ক্রমে সব পাহাড়ে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান তিনি।

এদিকে টাংকি পাহাড়ে উচ্ছেদ অভিযানের সময় পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন পাহাড়ের বাসিন্দারা।

তাদের  অভিযোগ, কিছু ঘর ঝুঁকিপূর্ণ না হলেও প্রশাসন সবই ভেঙ্গে দিয়েছে।

খুরশীদা বেগম নামে পাহাড়ের এক বাসিন্দা অভিযোগ করেন, কোনো ধরনের ঘোষণা ছাড়াই তাদের উচ্ছেদ করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, শুক্রবার সকালে পুলিশ তাদের বাসা থেকে সরিয়ে দিয়ে বাসায় তালা লাগিয়ে দিয়েছিল এবং বুধবার ঘর ভেঙ্গে দিয়েছে।

তাদের অন্য কোনো স্থানে পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের বলেন, একমাস আগেই থেকেই তাদের সরে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছিল।

বাসিন্দারা নিজ থেকে সরে না যাওয়ায় এ উচ্ছেদ চালানো হয়েছে।

উচ্ছেদ করা পরিবারগুলোকে জেলা প্রশাসনের ছয়টি আশ্রয় কেন্দ্রে পুনর্বাসন করা হবে বলেও জানান এসএম কাদের।

নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) দীপক জ্যোতি খীসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উচ্ছেদ অভিযানে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগর পুলিশের পক্ষ থেকে সাত প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে বৃহস্পতিবার থেকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছিল।

এছাড়া শুক্রবার সকালে বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক পরিবারকে সরিয়ে নেয়া হলেও তারা রাতে আবার বাড়িঘরে চলে আসে বলে দাবি তার।

পুলিশ কর্মকর্তা দীপক বলেন, “প্রতিবছর বর্ষায় পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে  নেয়া হলেও তারা আবার সেখানে চলে আসে। তাই এবছর তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে।”