বেনাপোলে আমদানি নিষিদ্ধ ওষুধসহ আটক ২
বেনাপোলে আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধসহ দুজনকে আটক করেছে বন্দর শুল্ক কর্মকর্তারা।
বুধবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, কুমিল্লার শামসুল হকের ছেলে আরিফুর রহমান (৩৫) ও বেনাপোল পৌর এলাকার বড়আঁচড়া গ্রামের জোহর আলীর ছেলে মুজাম হোসেন (৪২) ।
এদেরকে বেনাপোল পোর্ট থানা হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা এন জামান হোসেন ।
জামান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রী আরিফুরের সঙ্গে থাকা তিনটি বড় ব্যাগে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে ব্যাগে বিস্কুটের প্যাকেটের মধ্যে লুকানো আমদানি নিষিদ্ধ এসব ওষুধ পাওয়া যায়।
পরে তাকে ও পাসপোর্ট দালাল মুজামকে আটক করা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম।
