সাভারে বকেয়া পরিশোধের দাবি শ্রমিকদের
চলতি মাসসহ দুই মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সাভারের একটি সুতা তৈরীর কারখানার শ্রমিক বিক্ষোভ করেছে।
মঙ্গলবার বিকালে আকরান এলাকায় স্নো হোয়াইট কটন লিমিটেড কারখানায় এ বিক্ষোভ হয়। পরে পুলিশের আশ্বাসে তারা শান্ত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, মে ও জুন মাসের বেতন-ভাতা আজ (মঙ্গলবার) দুপুরে দেয়ার কথা ছিল কারখানা কর্তৃপক্ষের। কিন্তু কাউকে কিছু না বলে কর্তৃপক্ষের লোকজন চলে যায়। এতে কারখানার দুই শতাধিক শ্রমিক ক্ষুব্ধ হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা বিরুলিয়া-আকরান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেয়।
ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার উপ-পদির্শক (এসআই) শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মে মাসের বেতন বকেয়া রয়েছে, কিন্তু শ্রমিকরা চলতি মাসসহ বেতন-ভাতা দাবি করছে। কারখানা কর্তৃপক্ষ বেতন-ভাতা না দিয়ে চলে যাওয়ায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।
কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা চলে যায়।
