২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভাবনায় ২৩ আসামি

নারায়ণগঞ্জে উপনির্বাচনে আধিপত্য বিস্তার ও কেন্দ্র দখলের আশঙ্কায় ১৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 06:30 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সেই সঙ্গে বিভিন্ন মামলার ২৩ জন আসামিকে সম্ভাব্য গোলযোগকারী হিসেবে চিহ্নিত করেছে একটি গোয়েন্দা সংস্থা।

আগামী ২৬ জুন অনুষ্ঠেয় এই উপনির্বাচনকে ঘিরে ওই গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের ভাই ও আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের অনুসারীরা নির্বাচন ঘিরে সহিংসতা করতে পারে বলে অন্যান্য প্রার্থীরা আশঙ্কা করছেন।

এছাড়া ভোটকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিকে পুঁজি করে বিএনপি-জামায়াতে ইসলামী জোটের কর্মী-সমর্থকরা যে কোনো গ্রুপে ঢুকে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলেও আশঙ্কা গোয়েন্দাদের।

এ অবস্থায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল বাড়ানোর পাশাপাশি গোলযোগ সৃষ্টিকারীদের আগাম গ্রেপ্তার এবং বিএনপি-জামায়াত জোটের নেতাকর্মীদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে তারা।

তাদের সুপারিশ অনুযায়ী বিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফরহাদ হোসেন এ সংক্রান্ত প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের মহাপরিদর্শক, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

ইতোমধ্যে আইনশৃঙ্খলার শীর্ষ কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের নিয়ে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ নির্বাচনটি ‘স্পর্শকাতর’ বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

ইসির কার্যবিবরণী অনুযায়ী ওই বৈঠকে সিইসি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “আমাদের আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। গোয়েন্দা সংস্থাগুলোকে আরো তৎপর হতে হবে ও সবদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। দিন-রাত ২৪ ঘণ্টাই নির্বাচনী এলাকার ওপর নজর রাখতে হবে।”

কেন্দ্র দখল ও ব্যালটে স্টাফিংয়ের কোনো ঘটনা ঘটতে দেয়া যাবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি।

বৃহস্পতিবার অনুষ্ঠেয় এ উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো প্রার্থী দেয়নি। জাতীয় পার্টির এ কে এম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ এস এম আকরাম,  কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

দশম সংসদ নির্বাচন বর্জনের পর কোনো উপনির্বাচনেও প্রার্থী দেয়নি বিএনপি। নিবন্ধন অবৈধ থাকায় জামায়াতও নেই নির্বাচনে।

জাতীয় পার্টির সাংসদ নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনটি শূন্য হয়।

এ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৪১টি, এতে ভোটকক্ষ রয়েছে ৬৭৪টি। ভোটার রয়েছে ৩ লাখ ৪২ হাজার ৪০৫ [পুরুষ ১,৭৪,৩১১ ও মহিলা ১,৬৮,০৯৪]।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

১৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

আধিপত্য বিস্তার, জালভোট ও ভোটকেন্দ্র দখলের আশঙ্কায় ১৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করেছে একটি গোয়েন্দা সংস্থা।

প্রতিবেদন অনুযায়ী, কুকেরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোগননগর [পুরুষ ভোটকেন্দ্র] সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরসৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল, ১১-১২ বংশাল বালক/বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাবুরাইল বালক/বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৩ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাঙ্গাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর [পুরুষ ভোটকেন্দ্র] সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিবিমরিয়ম [পুরুষ ভোটকেন্দ্র] উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে।

মামলায় অভিযুক্ত ২৩ জন চিহ্নিত

গোলযোগ সৃষ্টি করতে পারে নারায়ণগঞ্জের অধিবাসী এমন ২৩ জনকে চিহ্নিত করে বন্দর থানায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত তথ্যও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।

সম্ভাব্য গোলযোগকারীরা হলেন- শাহান শাহ, মো. আ. রব, বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন, ফারুক, শিমুল, সোহেল, মো. শাহীন, মন্নাকা, উজ্জ্বল, মোফাজ্জল হোসেন, সালিউদ্দিন সালু, শামীম, টিটু, মো. কৈকন, মোসলেম, লিপু, ফারুক, মোক্তার হোসেন, কামরুল ইসলাম কালেট, কামরুল ইসলাম [ব্যাঙ্গা কামু], আনোয়ার হোসেন [আনার] ও টিটু।

এদের সবার বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারায়, দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইন, জুয়া ও অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইনে বন্দর থানায় কয়েকটি করে মামলা রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, জাতীয় পার্টির প্রার্থীর ভাই আওয়ামী লীগ দলীয় সাংসদ শামীম ওসমানের লোকজন প্রভাব খাটানোর চেষ্টা চালাতে পারে বলে স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য প্রার্থীরা আশঙ্কা করছেন।

“আবার মেয়র সেলিনা হায়াৎ আইভীর লোকজন এবং বিএনপি-জামায়াত সমর্থকরা শামীম ওসমান গ্রুপকে প্রতিহত করার চেষ্টা করতে পারে। এ নিয়ে উভয়পক্ষে সংঘর্ষও হতে পারে।”

সাত খুনের ঘটনার পর বিদ্যমান পরিস্থিতিতে দেশের মানুষের দৃষ্টি এখন নারায়ণগঞ্জের দিকে উল্লেখ করে এতে বলা হয়, পরিস্থিতির অবনতি হলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।

তিন সুপারিশ

প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়েছে-আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে টহল বাড়ানোসহ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালাতে হবে। গোলযোগ সৃষ্টিকারীদের গ্রেপ্তার করতে হবে ও গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।

প্রচারণা বন্ধ মঙ্গলবার সকালে

ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকেই নির্বাচনের সব ধরনের প্রচারণা, জনসভা ও মিছিল বন্ধ রাখতে হবে।কেউ আচরণবিধি লংঘন করলে তাকে জেল-জরিমানার মুখে পড়তে হবে।

এছাড়া ভোটে কোনো বিশৃঙ্খলা ঘটালে দুই থেকে সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপনির্বাচনে ভোট চলবে।