উন্নয়নের এই গতি কেউ রুখতে পারবে না: জয়
ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে জনগণের দোরগোড়ার সরকারি সেবা পৌঁছে দেয়াই আওয়ামী লীগ সরকারের মূল্ লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
সরকারের প্রচেষ্টায় দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তাতে ‘শিগগিরই’ বাংলাদেশ ‘আধুনিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী’ একটি রাষ্ট্রে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর ছেলে জয়।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে তৈরি ‘জাতীয় তথ্য বাতায়ন’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন জয়।
তরুণ এ তথ্য-প্রযুক্তিবিদ বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মূল উদ্দেশ্য ছিল, সাধারণ মানুষ যাতে এই ডিজিটাল বিপ্লবে লাভবান হয় তা নিশ্চিত করা। শুরুতে ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনায় আমরা যখন নামি, তখন অনেকেরই আশঙ্কা ছিল যে, এর ফলে দেশে একটি ডিজিটাল ডিভাইড গড়ে উঠতে পারে।
“যারা ধনী, যাদের কাছে কম্পিউটার আছে, ইন্টারনেট কানেকশন নিতে পারে, তারাই এ ডিজিটাল বাংলাদেশে লাভবান হবে। দেশের সাধারণ মানুষ, গ্রামের মানুষ বাদ পড়ে যাবে।”
তবে আওয়ামী লীগ সরকার ‘এটা হতে দেবে না’ মন্তব্য করে জয় বলেন, “আমাদের উদ্দেশ্য ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে সাধারণ মানুষের জীবন আরো সহজ করে দেয়া। আমাদের মূল উদ্দেশ্য ছিল, সরকারি সেবা আরো সহজভাবে আরো দ্রুততার সঙ্গে তাদের কাছে পৌঁছানো, জিজ্ঞেস করার আগেই যেন তারা সরকারি তথ্য পায়।”
ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই সরকারের প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পর্যায়ে ওয়েবসাইট চালু করা হয়েছে। সরকারের এরকম ২৫ হাজার ওয়েবসাইট নিয়েই তৈরি হয়েছে ‘জাতীয় তথ্য বাতায়ন’।
এ বিষয়ে জয় বলেন, “প্রায় চার বছর আগে জেলা পরিষদের ওয়েবপোর্টাল দিয়ে এই ওয়েবপোর্টাল তৈরি করি, যেটা আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। আমরা যাচাই করে দেখেছি যে, বিশ্বের অন্য কোন দেশে সরকারি ২৫ হাজার ওয়েবসাইট এক জায়গায় নেই। একমাত্র বাংলাদেশের আছে এখন।”
ফাইল ছবি
সজীব ওয়াজেদ বলেন, “প্রথম দুবছরের মাথায় আমরা ৪৫০০ ইউনিয়ন তথ্য কেন্দ্র তৈরি করি। যেটা তিনবছরে করার পরিকল্পনা ছিল সেটা আমরা দুই বছরের মধ্যে করে ফেলি।”
বাংলাদেশে তথ্য প্রযুক্তি ও শিল্পখাতের খাতের অগ্রগতি নিয়ে আলোচনায় বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে এর তুলনামূলক চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রীপুত্র।
“অন্যান্য দেশে সরকারের চেয়ে ইন্ডাস্ট্রি অনেক দ্রুত এগিয়ে চলে যায়। তবে বাংলাদেশে আমরা যেটা করতে পেরেছি, অত্যন্ত গর্বের সঙ্গে আমি বলতে পারি যে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সবচেয়ে আগে ই-গভর্নেন্স প্রতিষ্ঠিত করেছে। অন্যান্য ক্ষেত্রের আগে, ইন্ডাস্ট্রির চেয়েও দ্রুত গতিতে আমরা এটা করেছি।”
দেশের এই ‘ডিজিটাইজেশন’র ‘বেশিরভাগ কাজই’ এদেশের বিভিন্ন প্রতিষ্ঠান করেছে বলে জানান জয়। একইসঙ্গে বাংলাদেশের উন্নত ভবিষ্যত নিয়েও আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, “একটি আধুনিক বাংলাদেশ গড়ার পথে আমরা অনেক দূর এগিয়েছি। আমরা ভিশন ২০২১-এর মাঝপথে এসেছি। আরো অর্ধেক পথ বাকি।
“তবে শুধু একটি মধ্যম আয়ের দেশই না, আমাদের স্বপ্ন বাংলাদেশ একটি উন্নত দেশ হবে এবং আমার বিশ্বাস এটা আমাদের জীবনের মধ্যেই, অতি শিগগিরই হবে। আমরা যে গতিতে এগোচ্ছি, এটা কেউ থামাতে পারবে না। আমার বিশ্বাস এটা আমরাই পারি, আমরাই পারবো। এই বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার পারবে এটা আমার দৃঢ় বিশ্বাস।”
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে জাতীয় তথ্য বাতায়ন পোর্টাল গড়ার কাজ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, www.bangladesh.gov.bd নামের এই পোর্টালে রয়েছে ২০ লাখেরও বেশি কনটেন্ট, বিভিন্ন ধরনের ৪০ হাজার ছবি, সাত লাখের বেশি ই-ডিরেক্টরি, মুক্তিযোদ্ধাদের তালিকা প্রভৃতি।
পোর্টাল তৈরির জন্য এটুআইয়ের উদ্যোগে ৫০ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, “পোর্টালটি নিয়মিত আপডেট করতে হবে। অনেকেই বলেছেন, এখানে কিছু ত্রুটি আছে। যদি তথ্যগত ভুল থাকে তাহলে সেটি আগে সংশোধন করতে হবে, এরপর ভাষাগত ত্রুটি ঠিক করতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ ও জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
