২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সরকারি চালসহ ট্রাক ছিনতাই

ফরিদপুরের নগরকান্দা থেকে সরকারি চাল ভর্তি একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 04:58 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

নগরকান্দা থানার ওসি আফসারউদ্দিন জানান, উপজেলার তালমা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনার সময় ট্রাক চালক ও তার সহকারীকে অজ্ঞান করে ফেলে দিয়ে ট্রাকসহ চাল নিয়ে যায় তারা।

এ ঘটনায় নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ট্রাক মালিক শেখ আশফাকুল ইসলাম।

ওসি আফসারউদ্দিন বলেন, শনিবার মধ্যরাতে শরীয়তপুরের আঙ্গারিয়া সরকারি গুদাম চাল নিয়ে নওগাঁর সান্তাহার গুদামে যাচ্ছিল ট্রাকটি। পথে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা এলাকায় এই ছিনতায়ের ঘটনা ঘটে।

“এ ব্যাপারে ট্রাক মালিকের লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি।”

২০ টন সরকারি চাল নিয়ে (যশোর ট ১১-২৭০৪) ট্রাকটি শরীয়তপুর থেকে নওগাঁ যাচ্ছিল জানিয়ে শেখ আশফাকুল ইসলাম বলেন, “ছিনতাইকারীরা আমার স্টাফদের বেঁধে মারধর করে চাল ভর্তি ট্রাকটি ছিনতাই করে নিয়ে যায়। তারা চালক শেখ আব্দুর রহমান ও তার সহকারী আব্দুল মালেককে মারধর করে চেতনানাশক ওষুধ দিয়ে ফেলে রেখে যায়।”

ট্রাক চালক শেখ আব্দুর রহমান বলেন, “ঢাকা-বরিশাল মহাসড়কের তালমা-শংকর পাশার মাঝামাঝি এলাকায় পেছন থেকে একটি খালি ট্রাক আমাদের ওভারটেক করে সামনে গিয়ে বেড়িকেড দেয়। পরে ৫/৬ জন ছিনতাইকারী আমাদের বেঁধে মারধর করে খালি ট্রাকে তুলে ভাঙ্গা মাওয়া সড়কে অচেতন অবস্থায় ফেলে যায়।

“জ্ঞান ফিরে দেখি আমরা ভাঙ্গা হাসপাতালে। একটু সুস্থ হয়ে ট্রাক মালিককে ফোন করে বিষয়টি জানাই।”