বিএম কলেজে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে পরীক্ষার ফরম পূরণের টাকা কমানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করেছে পুলিশ।
সোমবার দুপুরে এ ঘটনার সময় পুলিশ স্থানীয় একটি পত্রিকার এক প্রতিবেদকের ক্যামেরা ছিনিয়ে নেয় এবং আরেক সংবাদকর্মীকে মারধর করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
এছাড়া পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন তিন শিক্ষার্থী। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এরা হলেন, অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র উজ্জ্বল কুমার, একই বিভাগের পলাশ খান ও ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অভিজিৎ রায়।
তিনি বলেন, এই বর্ধিত টাকা কমানোর দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।এক পর্যায়ে তারা কলেজের সামনের সড়ক অবরোধ করে। এসময় কোতোয়ালি থানা পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে।
শিক্ষার্থীরাও ছত্রভঙ্গ হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বলে জানান তিনি।
এ সময় ছবি তুলতে গেলে স্থানীয় দৈনিক বরিশাল প্রতিদিন এর প্রতিবেদক ফুয়াদ ইসলামের ক্যামেরা ছিনিয়ে নেয় পুলিশ। মারধর করে স্থানীয় দৈনিক কলমের কন্ঠ পত্রিকার প্রতিবেদক তন্ময় দাসকে।
কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে অর্থ নির্ধারণ করে দিয়েছে তার চেয়ে বেশি নেয়া হচ্ছে না।
তবে শিক্ষার্থীদের দাবিও অযৌক্তিক নয় জানিয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীরা দুঘণ্টারও বেশি সময় সড়ক অবরোধ করে রাখায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। তাদের বারবার বলা হলেও তারা সড়ক থেকে সরেনি। তাই পুলিশ তাদের ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
ক্যামেরা ছিনিয়ে নেয়ার ব্যাপারে ওসি বলেন, ওই সংবাদকর্মী নিজেকে ছাত্র পরিচয় দিয়ে ছবি তুলছিলেন। তাই তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়েছে। পরে ক্যামেরা ফিরিয়ে দেয়া হয়েছে।
