২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপানুষ্ঠানিক শিক্ষা আইনের চূড়ান্ত অনুমোদন

উপানুষ্ঠানিক শিক্ষার বিস্তৃতি ও গুণগত মান বাড়ানোর লক্ষ্য নিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সোমবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইয়া সচিবালয়ে সাংবাদিকদের জানান, আইনের খসড়াটি অনুমোদনের ফলে আটটি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড গঠন করবে সরকার।

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক পদাধিকার বলে এই বোর্ডের চেয়ারম্যান হবেন জানিয়ে মোশাররাফ বলেন, বোর্ড কর্তৃপক্ষ একাডেমিক কারিকুলামসহ বিভিন্ন বিষয় দেখবেন।

আর উপানুষ্ঠানিক শিক্ষার বিস্তৃতি ও গুণগত মান বাড়ানোর বিষয়সহ প্রশাসনিক কাজ করবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো।

ঝরে পড়া শিক্ষার্থী এবং যাদের বয়স পার হয়ে গেছে (১৪ বছরের অধিক যারা প্রাথমিক শিক্ষা নিতে পারে না) তারা এই আইনের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা পাবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, উপানুষ্ঠানিক শিক্ষা আইন লঙ্ঘন করলে এবং এই আইন বাস্তবায়নে বাধা দিলে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থ দণ্ডের বিধান রাখা হয়েছে।

এই আইনের আওতায় বিধি প্রণয়ন করা যাবে জানিয়ে মোশাররাফ বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড সরকারের অনুমোদন নিয়ে প্রবিধান প্রণয়ন করতে পারবে।

গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভা বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপানুষ্ঠানিক শিক্ষা আইন- ২০১৪ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করলে কিছু পর্যালোচনা রেখে নীতিগত অনুমোদন দিয়ে তা ফেরত পাঠানো হয়।

আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আইনের খসড়াটি সোমবারের মন্ত্রিসভা বৈঠকে আবোরা উপস্থাপন করে।

এর আগে গত বছররে ৬ মে মাসে উপানুষ্ঠানিক শিক্ষা আইন মন্ত্রিসভায় উপস্থাপন করলে কিছু পর্যবেক্ষণ দেয়া হয়েছিল বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

সোমবারের মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশের সামরিক জাদুঘরের সঙ্গে কুয়েতের হাউজ অব ন্যাশনাল ওয়ার্কের একটি চুক্তির খসড়া স্বাক্ষরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

এই চুক্তি হলে বাংলাদেশের সামরিক জাদুঘরে কুয়েতের একটি ‘ওয়ার্ড’ এবং কুয়েতের জাদুঘরে বাংলাদেশের একটি ‘ওয়ার্ডে’ নিজ নিজ দেশের সামরিক সরঞ্জামাদি প্রদর্শিত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে স্বাক্ষরের জন্য ‘সার্টেন অ্যাসপেক্টস অব এয়ার সার্ভিস (certain aspects of air services) শীর্ষক একটি চু্ক্তির খসড়াও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া গত ১২ থেকে ১৪ মে কাতারের দোহায় অনুষ্ঠিত ‘১৪তম দোহা ফোরাম’ এবং ২১ থেকে ২৩ মে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম অন ইস্ট এশিয়া’ শীর্ষক সেমিনারে বাণিজ্যমন্ত্রীর অংশ নেয়ার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে বলেও জানান মোশাররাফ।