২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলগাজীর বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

পাঁচ দিনের টানা বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফেনীর ফুলগাজী উপজেলার প্লাবিত ১৩টি গ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 03:37 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

এদিকে বৃষ্টি ও বর্ষণের কারণে এখনও ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামত কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

গত শুক্রবার মুহুরী নদীর বিভিন্ন স্থানের বাঁধ ভেঙে ফুলগাজী সদর ইউনিয়নের শ্রীপুর, উত্তর শ্রীপুর, দক্ষিণ শ্রীপুর, গোসাইপুর, শালধর, নিলক্ষী, বিজয়পুর, দরবারপুর, বাসুরা, ঘনিয়ামোড়া, লাঙ্গলমোড়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুরসহ ১৩টি গ্রাম প্লাবিত হয়।

বন্যার পানিতে প্লাবিত হয়েছে ফুলগাজী থানা প্রাঙ্গণও। থানার সামনে প্রায় আড়াই ফুট পানি জমে রয়েছে বলে জানান ওসি আহম্মেদ নাসির উদ্দিন।

পানি আরো বাড়লে থানার মেঝেতে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ওসি।

ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, মুহুরী নদীর পানি ফুলগাজী অংশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের ভাঙন কবলিত অংশগুলো ক্রমেই বড় আকার ধারণ করছে।

পানিতে ভেসে গেছে শতাধিক মৎস খামারের মাছ, তলিয়ে গেছে আমনের বীজতলা ও বাঁধের আশপাশের অর্ধশতাধিক কাঁচা ও টিনের ঘর। তবে এসব ঘরের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে বলে জানান তিনি।

ফুলগাজীর ইউএনও মাহিদুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত দুদিনে চিড়া ও মুড়িসহ শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এখনও প্রবল বর্ষণের কারণে ভেঙে যাওয়া বাঁধের উত্তর শ্রীপুর ও জয়পুর অংশের মেরামত কাজ শুরু করা যাচ্ছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ফেনী পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রমজান আলী।

তিনি বলেন, তবে অন্য কোনো স্থানে যেন নতুন করে ভাঙন সৃষ্টি না হয় সেজন্য নিয়মিত বাঁধ পরিদর্শন করে ছোট ছোট গর্ত ভরাট করা হচ্ছে।