সরকারি সোয়া দুই লাখ পদ শূন্য
সরকারি চাকরিতে সোয়া দুই লাখেরও বেশি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক।
সোমবার জাতীয় সংসদে তিনি এ তথ্য জানান।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমানে সরকারি চাকরির শূন্যপদ সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৯১২টি। শূন্যপদ পূরণ একটি চলমান প্রক্রিয়া। এসব শূন্যপদে জনবল নিয়োগে প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগ সচেষ্ট রয়েছে।”
ঢাকা-২০ আসনের এম এ মালেকের এক প্রশ্নের জবাবে ইসমত আরা সাদেক জানান, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়াধীন বিভিন্ন শ্রেণিতে কর্মকর্তার মোট সংখ্যা ৫ হাজার ৬শ’। এরমধ্যে বিসিএস প্রশাসন ক্যাডারে ৫ হাজার ৩শ’ জন, নন ক্যাডার কর্মকর্তা ৯০ জন ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার সংখ্যা ২১০ জন।
ময়মনসিংহ-৭ আসনের সাংসদ এম এ হান্নানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
সকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
