২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নূর হোসেনকে ফেরতে আন্দোলন: নজরুলের শ্বশুর

নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে ফেরত আনার উদ্যোগের কথা বলা হলেও তাতে ‘দেরিতে’ অসন্তুষ্ট নিহত কাউন্সিলর নজরুল ইসলামের পরিবারের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 11:38 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

অন্যদিকে এই মামলাসহ সার্বিক বিষয়ে সরকারের কার্যক্রমে সন্তোষ জানিয়ে নূর হোসেনকে ফেরতের বিষয়েও আশাবাদী নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের পরিবার।

নজরুল ও চন্দনসহ সাত জনকে হত্যার দেড় মাস পর গত ১৪ জুন ভারতের পশ্চিমবঙ্গে ধরা পড়েন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূর হোসেন।

এরপর তাকে ফেরতে উদ্যোগ নেয়ার কথা মন্ত্রীরা বললেও আনুষ্ঠানিক কোনো অনুরোধ ভারতের কাছে করা হয়নি। তবে নয়া দিল্লি বলেছে, বাংলাদেশ অনুরোধ জানালে তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে তারা।  

নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম এক্ষেত্রে দেরিতে ক্ষোভ জানিয়ে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছয় ঘণ্টার মধ্যে নূর হোসেনকে দেশে ফেরত আনা যায়। অথচ কতদিন পার হল। তাকে ফেরত আনতে আন্দোলন করতে হবে?

“তাকে দেশে আনছে না। কারণ দেশে আনলে রাঘব-বোয়ালদের নাম বলে দিবে। তাই এই বিলম্ব।”

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয় সাতজনকে। এর তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাদের লাশ ভেসে ওঠে।

প্রথমে নূর হোসেন অভিযোগ অস্বীকার করে সংবাদ মাধ্যমে বক্তব্য দিলেও অপহৃতদের লাশ উদ্ধারের পর থেকে পালিয়ে যান তিনি।

এরপর তার সীমান্ত অতিক্রমের বিষয়টি নিশ্চিত হয়ে ইন্টারপোলের শরণ নেয় বাংলাদেশ পুলিশ। এর মধ্যেই পশ্চিমবঙ্গে ধরা পড়েন তিনি।

নূর হোসেন গ্রেপ্তারের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেছিলেন, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নূর হোসেনকে ফিরিয়ে আনা হবে।

ভারত নূর হোসেনের বিষয়ে কিছু তথ্য বাংলাদেশ সরকারের কাছে চেয়েছে এবং তা দেয়া হচ্ছে বলে প্রতিমন্ত্রী জানিয়েছেন।

শহীদুল বলেন, “কাল (সোমবার)নূর হোসেনের কলকাতার আদালতের দেয়া রিমান্ড শেষ হবে। তারপর দেখি কী হয়?

Image
শহীদুল ইসলাম (ফাইল ছবি)

শহীদুল ইসলাম (ফাইল ছবি)

“সাত খুন হওয়ার পর নারায়ণগঞ্জে যেভাবে আন্দোলন করেছিলাম। এখন আবার সেই রকম আন্দোলন করব। তাকে দেশে ফেরত আনার জন্য।”

কবে থেকে আন্দোলন করবেন- জানতে চাইলে নজরুলের শ্বশুর বলেন, ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনের পর আন্দোলন শুরু করবেন তারা।

শহীদুল আন্দোলনের  কথা বললেও নিহত চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পালের অবস্থান এক্ষেত্রে ভিন্ন।

নূর হোসেনকে ফেরাতে সরকারের নেয়া উদ্যোগকে কিভাবে দেখছেন- জানতে চাইলে তিনি বলেন, “সরকার ঠিক কাজই করছে।

“মামলা এখনো পর্যন্ত ঠিক পথে চলছে। মামলাটি তার নিজস্ব কক্ষপথ হারায়নি।।”

ঘটনাটি নিয়ে যেভাবে আন্দোলন হয়েছে এবং মামলাটি নিয়ে বিভিন্ন মহল থেকে যে ধরনের বক্তব্য দেয়া হয়েছে, তাতে মামলাটির গুণাগুণ হারিয়ে অন্য দিকেও মোড় নিতে পারত বলে ডা. বিজয় মনে করেন।

“কিন্তু তা না হয়ে যাদেরকে আমরা শুরু থেকে সন্দেহ করেছি, সেসব মানুষকে সরকার ধরেছে। প্রধান আসামি নূর হোসেনও কলকাতায় গ্রেপ্তার হয়েছে। সুতরাং তাকে দেশে আনা হবে বলে বিশ্বাস করি।”

শহীদুলের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “আমার তা মনে হয় না। সরকার নূর হোসেনকে দেশে আনবে এবং বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবে।”

পুরনো খবর:

নূর হোসেনকে ফেরত দেয়ার ইঙ্গিত দিল্লির
নজরুলের শ্বশুরের বক্তব্য শুনল র‌্যাবের তদন্ত দল
র‌্যাবকে দায়ী করলেন নজরুলের শ্বশুর
‘র‌্যাবের সহায়তায় নূর হোসেন কলকাতায়’
র‌্যাব হুমকি দিচ্ছে, অভিযোগ নজরুলের শ্বশুরের