২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান কি মুনের সমালোচনা সংসদে

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের আহ্বানের সমালোচনা করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 10:54 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শাজাহান খান  নির্বাচনের আগে বিএনপি-জামায়াত জোটের সহিংস আন্দোলনের কথা উল্লেখ করে বলেন, “যখন তারা আন্দোলনের নামে মেরে পিটিয়ে পুড়িয়ে অগণিত মানুষ হত্যা করলো, সম্পদ ধ্বংস করলো তখন তো আপনারা একবারও মানা করলেন না।

“কেন তারা নিন্দা বা নিষেধ পর্যন্ত করলেন না- জাতিসংঘের সম্মানিত মহাসচিব বান কি মুনের প্রতি আমার এই প্রশ্ন রইলো।”

তিনি বলেন, “বিএনপি’র অবস্থা হয়েছে- এখন ফান্দে পড়িয়ে বগা কান্দে রে। এখন তারা দেশে নয়, বিদেশে গিয়েও কাঁদে। সংলাপ চাইলে মার্জিত ব্যবহার করতে হবে।”

গত ১৯ জুন জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, “মেয়াদ শেষ হলেই বাংলাদেশের সকল গণতান্ত্রিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের বিস্তারিত প্রক্রিয়া নিয়ে সরকার যে কোনো ব্যক্তি বা দলের সঙ্গে সংলাপে রাজি আছে।”

Image
জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাতীয় সংসদ ভবনে রোববার পোশাক শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী শাজাহান খান। ছবি: নয়ন কুমার/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এরপর শনিবার জাতিসংঘ মহাসচিব এক বিবৃতিতে, বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত না হওয়ায় দুঃখ প্রকাশ করে নতুন করে সব রাজনৈতিক দলের সংলাপ প্রত্যাশা করেছেন।

সংসদের বাজেট আলোচনায় পটুয়াখালী থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন বুদ্ধিজীবীদের সমালোচনা করে বলেন, “হেন কোনো বিষয় নেই তারা যা নিয়ে কথা বলতে পারে না।

“তারা বাজেট নিয়েও সমালোচনা করে। তারা কি পারবে এমন একটি বাজেট দিতে? টক-শো দেখলে মনে হয় তরা সব পারে।তাদের কথার ওপর ট্যাক্স বসালে ভালো হয়।”

এদিকে, একাত্তরের যুদ্ধাপরাধী-রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করতে ‘ধিক্কার স্তম্ভ’ তৈরির প্রস্তাব দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মোজাম্মেল হক বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে স্তম্ভ তৈরি হয়। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিলো তাদের প্রতি ধিক্কার জানাতে ধিক্কার স্তম্ভ তৈরী করা হোক। যেখানে সবাই থু-থু ছিটাবে, জুতা নিক্ষেপ করবে।

“মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ শব্দ লেখার ব্যবস্থা করার একটা দাবি আছে। আমরা আশা করছি খুব শিগগিরই সংসদে এ প্রস্তাব তুলতে পারবো।”

এছাড়া ভূয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

মোজাম্মেল বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব ধরনের কাজ করছে। প্রতিজন মুক্তিযোদ্ধাকে মাসিক ৫ হাজার টাকা করে ‘সম্মানী ভাতা’ দেওয়া হচ্ছে।

“১৮১ কোটি ব্যয়ে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মিতব্য স্বাধীনতার স্মৃতিস্তম্ভ শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।”

বাজেট আলোচনায় অংশ নিয়ে সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, “যারা মিথ্যাচারের মাধ্যমে ইতিহাস বিকৃতি করে বিভ্রান্তি চড়াচ্ছে, তারা জ্ঞানপাপী। কোমরভাঙ্গা দুর্নীতির কারণে বিদেশে পালিয়ে থাকা কোন অর্বাচীনের মুখে ইতিহাস নিয়ে কথা বলা শোভা পায় না।

“যারা মিথ্যাচার করছেন তাদের বিদেশে রাজনৈতিক আশ্রয়েরও অধিকার থাকে না। তিনি বলেন, দেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা কেউ-ই থামাতে পারবে না।”

হুইপ শহীদুজ্জামান সরকার বলেন, “স্বাধীনতাবিরোধী জামায়াত ফরমালিন জাতীয় পদার্থের মতো। যেখানেই যায় তাকে বিষাক্ত করে ফেলে। বিএনপির সঙ্গে মিশে গিয়ে দলটির যেটুকুও অর্জন ছিল তাও ধ্বংস করে দিয়েছে।”

জিয়াউর রহমানকে ‘বাই চান্স মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে তিনি বলেন, “বাই চান্স মুক্তিযোদ্ধা আর বাই চয়েস মুক্তিযোদ্ধা এক নয়। চক্রান্তকারী বাই চান্স মুক্তিযোদ্ধা জেনারেল জিয়া ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।”

জাসদের নাজমুল হক প্রধান বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, “বর্তমানে দেশে একটি অস্থিরতা বিরাজ করছে। যার গডফাদার হচ্ছে দুর্নীতির দায় নিয়ে বিদেশে থাকা তারেক জিয়া।

“আজ যদি তারেক জিয়া বলেন, মাওলানা ভাসানী জাতির পিতা, তাহলেও অবাক হবো না।”

তিনি বলেন, “জেনারেল জিয়া তিনটি অপরাধ করেছেন। প্রথমে তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে ইন্ধন যুগিয়েছেন, বেছে বেছে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং সর্বশেষ যুদ্ধাপরাধী-স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে পুনর্বাসন করেছেন।”