২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পর্যায়ে পরিবেশ আদালত স্থাপনের গেজেট হচ্ছে

জেলায় জেলায় পরিবেশ আদালত স্থাপনের জারির বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 09:41 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার জাতীয় সংসদে ফরিদপুর-১ আসনের মো. আবদুর রহমানের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৫৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পরিবেশ আদালত ও স্পেশাল কোর্টে পরিবেশ দূষণকারীর বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে। আগে দেশে ৩টি পরিবেশ আদালত (ঢাকা, চট্টগ্রাম, সিলেট) ছিল। পরিবেশ আইন ২০১০ সংশোধন করে সব জেলায় পরিবেশ আদালত ও স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের ব্যবস্থা করা হয়।

“এ আইনের সংশোধনের ধারাবাহিকতায় দেশের সব জেলায় স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনের গেজেট জারি করা হয়েছে। সব জেলায় পরিবেশ আদালত স্থাপনের গেজেট জারির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

পরিবেশ অধিদপ্তরের জনবল স্বল্পতা, আদালত থেকে মামলা সম্পর্কিত কাগজপত্র পাওয়ায় বিলম্ব, সাক্ষী প্রাপ্তির অনিশ্চয়তা ও নিজস্ব আইনজীবী নিয়োগের ব্যবস্থা না থাকায় পরিবেশ আদালতে মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা হচ্ছে বলে জানান মন্ত্রী।

পরিবেশমন্ত্রী ২০০৯ থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত নিষ্পন্ন ও অনিষ্পন্ন মামলার তথ্য তুলে ধরে জানান, গত পাঁচ বছরে পরিবেশ দূষণের অভিযোগে দায়ের করা ৩৩২টি মামলার মধ্যে ২০৬ মামলায় অনিষ্পন্ন রয়েছে। নিষ্পত্তি হয়েছে ১২৬টি।

বেগম ফজিলাতুন নেসার অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, বর্তমানে ই-বর্জ্য একটি অন্যতম আলোচ্য বিষয়। ইলেকট্রনিক সামগ্রীর উত্তরোত্তর বৃদ্ধির কারণে সৃষ্ট বর্জ্য নিয়ন্ত্রণে ই-ওয়েস্ট বিধিমালা ২০১৪ প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে এ বিধিমালার চূড়ান্ত খসড়া আইন মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে।