নরসিংদী যাচ্ছে গণজাগরণ মঞ্চ
মাসব্যাপী প্রচারণা কার্যক্রম 'গণজাগরণ ঘরে ঘরে' কর্মসূচির অংশ হিসাবে নিয়ে এবার নরসিংদী যাচ্ছে গণজাগরণ মঞ্চ।
একই কর্মসূচি নিয়ে এর আগে গাজীপুর ও মানিকগঞ্জ সফর করেছে মঞ্চের নেতাকর্মীরা।
মঞ্চের মুথপাত্র ইমরান এইচ সরকার এক বিজ্ঞপ্তিতে জানান, ২২ জুন সকাল ৯টায় শাহবাগ থেকে নরসিংদীর উদ্দেশ্যে রওয়ানা হবেন মঞ্চের নেতা-কর্মীরা।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “রোববার গণজাগরণ মঞ্চের ঢাকার কর্মীরা নরসিংদী জেলার কর্মীদের সঙ্গে নরসিংদীতে প্রচারের কাজ চালাবেন। সকাল ৯টায় শাহবাগ থেকে রওনা হয়ে গণজাগরণ মঞ্চ নরসিংদীর পথে বিভিন্ন জনসমাগমপূর্ণ এলাকায়ও প্রচারণা চালাবে।”
ইমরান বলেন, “যাত্রাপথে গাউছিয়ায় সকাল ১১টায়, মাধবদি দুপুর ১২টায়, পাঁচদোনা মোড় দুপুর ১টায়, নরসিংদী স্বাধীনতা চত্বরে দুপুর ২টায় এবং নরসিংদী সরকারি কলেজ মাঠে বিকাল ৫টায় উপস্থিত থাকবে গণজাগরণ মঞ্চের কর্মীরা।
“প্রচারে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে যুদ্ধাপরাধীদের বিচারের সাম্প্রতিক অবস্থা অবহিত করা হবে এবং আগামীতে রায় বাস্তবায়নের সময়ে জামায়াত-শিবিরের সম্ভাব্য তাণ্ডব মোকাবেলায় জনগণকে দিকনির্দেশনা দেয়া হবে।”
প্রচারণায় জামায়াত শিবির নিষিদ্ধের দাবিতে জনমত তৈরি করার কথা জানিয়ে বলা হয়, “গণজাগরণ মঞ্চের ছয় দফার পক্ষে জনমত তৈরি এবং মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে গণমানুষের সম্পৃক্ততা তৈরির লক্ষ্যে প্রচারণা চালাবে মঞ্চের কর্মীরা।”
এর আগে, প্রচার অভিযানের অংশ হিসেবে গত ১১ জুন গাজীপুর ও ১৬ জুন মানিকগঞ্জ সফর করে মঞ্চের কর্মীরা।
ইমরান জানান, গত ২৭ মে শুরু হওয়া গণজাগরণ ঘরে ঘরে কর্মসূচিতে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে একযোগে চলছে। মাসব্যাপী কর্মসূচি শেষ হবে ২৭ জুন।
