২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ কক্ষ

বিরামহীন অতি বর্ষণে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টির পর দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 09:12 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

শনিবার বন্দর নগরী দ্বিতীয় দিনের মত জলমগ্ন ছিল। এরআগে বৃহস্পতিবার রাতে বৃষ্টি শুরুর পর শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

শনিবার সকালে সিসিসি ভবনে মেয়রের কার্যালয়ে এ বিষয়ে এক জরুরি সভার আহ্বান করা হয়।

এরপর বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিয়ন্ত্রণ কক্ষ ও দুর্যোগ ব্যবস্থাপনায় গৃহীত সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়।

সিসিসি’র ভারপ্রাপ্ত জনসংযোগ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, বিরামহীন অতি বর্ষণ ও অতি জোয়ারের কারণে নগরীতে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যার আশঙ্কা পরিলক্ষিত হওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়।

এই প্রথম সিসিসি দাপ্তরিকভাবে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টির বিষয়টি স্বীকার করে নিল। এরআগে গত ১১ মে মৌসুমের প্রথম বৃষ্টিতেও তলিয়ে যায় নগরী।

গত ১১ মে এবং ১৭ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে নগরীর জলাবদ্ধতাকে ‘জলজট’ হিসেবে আখ্যায়িত করেন সিটি মেয়র মনজুর আলম।

শনিবার মনজুর আলমের সভাপতিত্বে সভায় জানানো হয়, নগরীর দামপাড়ায় সিসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলীর (বিদ্যুৎ) কার্যালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

“নিম্নাঞ্চলের পানিবন্ধী নগরবাসীর আশ্রয়ের জন্য সিসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, সাইক্লোন সেন্টার ও সরকারি-বেসরকারি স্কুল-কলেজ আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।“ 

সভায় জানানো হয়, বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। ইতোমধ্যে চার হাজার প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এছাড়া নগর ভবনেও সার্বিক পরিস্থিতি মনিটরিং-এর জন্য একটি মনিটরিং সেল ২৪ ঘণ্টা খোলা থাকবে।

নগরবাসী নিয়ন্ত্রণ কক্ষের ৬৩০৭৩৯ ও ৬৩৩৪৬৯ এই দুটি নম্বরে যোগাযোগ করতে পারবেন।