আশিকিম অভিযুক্ত
সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযুক্ত করা হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত রাহাতুল আশিকিম খানকে।
তবে শুক্রবার টেক্সাসের আদালতে অভিযোগ গঠনের সময় ২৩ বছর বয়সী এই যুবক নিজেকে নির্দোষ দাবি করেন বলে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে।
বুধবার আশিকিমকে টেক্সাসের রাউন্ড রক এলাকার অস্টিনে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ইউনিভার্সিটি অফ টেক্সাস-অস্টিনের ছাত্র আশিকিম ২০০২ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।
টেক্সাসভিত্তিক অনলাইন সংবাদপত্র কেডব্লিউটিএক্স ডটকম জানিয়েছে, বিচারক আশিকিমের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা এবং ওই সব সংগঠনে জিহাদের নামে লোক নিয়োগে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন।
শুক্রবার আদালতে আশিকিমের শাস্তির বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৩০ জুন নতুন দিন ধার্য করা হয়েছে।
এ ধরনের ঘটনায় দোষ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ১৫ বছরের পর্যন্ত জেল এবং আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে অপরাধীর।
এর আগে বুধবার টেক্সাস থেকে আশিকিমের গ্রেপ্তারের খবর জানিয়ে এবিসি নিউজ বলেছিলো, আশিকিম জঙ্গি সংগঠন আল শাবাবে যোগ দিয়ে জিহাদ করতে চাইছিলেন।
সোমালিয়ার এই জঙ্গি সংগঠনটির সঙ্গে আল কায়দার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয়।
জঙ্গিদের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতার চেষ্টার অভিযাগে আশিকিমের আগে মাইকেল উলফ (২৩) নামে আরেক যুবককে টেক্সাসেই আলাদা অভিযানে গ্রেপ্তার করা হয় বলে যুক্তরাষ্ট্রের আইনজীবীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
উলফকে, যিনি ‘ফারুক’ নামেও পরিচিত, মঙ্গলবার হিউস্টনের বুশ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
উলফ সিরিয়ায় যুদ্ধরত জঙ্গিদের সহায়তার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
রাহাতুল আশিকিম খান
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দুর্বল বাঙালিদের জিহাদ এবং রক্তপাতের প্রতি আগ্রহ না দেখে মাথায় রক্ত উঠে যায়’- সোর্সের সঙ্গে আলাপে এমনটাও জানিয়েছিলেন আশিকিম।
যোগাযোগের এক পর্যায়ে ওই সোর্স জিহাদে অংশ নেয়ার আগ্রহ দেখালে আশিকিম তাকে ফ্লোরিডার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।
ওই সোর্সকে জিহাদে অংশ নিতে সোমালিয়ায় পাঠানোর উদ্যোগ আশিকিম নিয়েছিলেন বলে আইনজীবীরা আদালতে জানিয়েছেন।
ফ্লোরিডার প্রথম ব্যক্তি পরে ওই সোর্সকে দ্বিতীয় আরেক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, যিনিও ফ্লোরিডার বলে ধারণা করা হচ্ছে।
দ্বিতীয় এই ব্যক্তির সঙ্গেই সোমালিয়ার জঙ্গি গ্রুপ আল-শাবাবে যোগ দেয়ার ব্যাপারে আশিকিমের আলোচনা হয়।
স্টেটসম্যান ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, আশিকিম ইন্টারনেটের মাধ্যমে জঙ্গি দলগুলোর জন্য সদস্য সংগ্রহের কাজে জড়িত ছিলেন।
সন্ত্রাসী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ উড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে ২০১২ সালে নিউ ইয়র্কে গ্রেপ্তার হন বাংলাদেশি ছাত্র নাফিস। পরে গত বছর বিচারের রায়ে তার ৩০ বছর কারাদণ্ড হয়।
