সন্ত্রাসবাদে ‘যুক্ত’ বাংলাদেশি যুবক যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার
সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবক যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছেন।
একই অভিযোগে আরেক বাংলাদেশি রেজাওয়ানুল হক নাফিসের সাজা হওয়ার এক বছরের মধ্যে বুধবার গ্রেপ্তার হলেন রাহাতুল আশিকিম খান (২৩) নামে এই যুবক।
কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বুধবার টেক্সাস থেকে তাকে গ্রেপ্তারের খবর জানিয়ে এবিসি নিউজ বলেছে,আশিকিম জঙ্গি সংগঠন আল শাবাবে যোগ দিয়ে জিহাদ করতে চাইছিলেন।
সোমালিয়ার এই জঙ্গি সংগঠনটির সঙ্গে আল কায়দার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করা হয়।
ইউনিভার্সিটি অফ টেক্সাস-অস্টিনের ছাত্র আশিকিম ২০০২ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বক পান। তার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে।
জঙ্গিদের বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতার চেষ্টার অভিযাগে আশিকিমের আগে মাইকেল উলফ (২৩) নামে আরেক যুবককে টেক্সাসেই আলাদা অভিযানে গ্রেপ্তার করা হয় বলে যুক্তরাষ্ট্রের আইনজীবীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
বুধবার প্রকাশিত আদালতের নথিপত্র থেকে জানা গেছে, আশিকিমকে টেক্সাসের রাউন্ড রক এলাকার অস্টিনে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে উলফকে, যিনি ‘ফারুক’ নামেও পরিচিত, মঙ্গলবার হিউস্টনের বুশ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
উলফ সিরিয়ায় যুদ্ধরত জঙ্গিদের সহায়তার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে বিস্তারিত জানতে দুজনের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিচারে দোষী সাব্যস্ত হলে তাদেরকে ১৫ বছর কারাগারে কাটাতে হতে পারে। শুক্রবার তাদের আটকাদেশের বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
আশিকিমের বিরুদ্ধে আদালতে আনা অভিযোগে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর এক সোর্সের সঙ্গে ২০১১ সালের শুরুতে আশিকিমের ইন্টারনেটে যোগাযোগ হয়।
যোগাযোগের এক পর্যায়ে ওই সোর্স জিহাদে অংশ নেয়ার আগ্রহ দেখালে আশিকিম তাকে ফ্লোরিডার অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।
ওই সোর্সকে জিহাদে অংশ নিতে সোমালিয়ায় পাঠানোর উদ্যোগ আশিকিম নিয়েছিলেন বলে আইনজীবীরা আদালতে জানিয়েছেন।
ফ্লোরিডার প্রথম ব্যক্তি পরে ওই সোর্সকে দ্বিতীয় আরেক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, যিনিও ফ্লোরিডার বলে ধারণা করা হচ্ছে।
দ্বিতীয় এই ব্যক্তির সঙ্গেই সোমালিয়ার জঙ্গি গ্রুপ আল-শাবাবে যোগ দেয়ার ব্যাপারে আশিকিমের আলোচনা হয়।
স্টেটসম্যান ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, আশিকিম ইন্টারনেটের মাধ্যমে জঙ্গি দলগুলোর জন্য সদস্য সংগ্রহের কাজে জড়িত ছিলেন।
সন্ত্রাসী হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ উড়িয়ে দেয়ার চেষ্টার অভিযোগে ২০১২ সালে নিউ ইয়র্কে গ্রেপ্তার হন বাংলাদেশি ছাত্র নাফিস। পরে গত বছর বিচারের রায়ে তার ৩০ বছর কারাদণ্ড হয়।
