‘শাঁখারিকাঠি গণহত্যায়’ জড়িত আসামি গ্রেপ্তার
মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী মহানগরের নওদাপাড়া এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে আকরাম হোসেন খানকে (৬০) গ্রেপ্তার করা হয়।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ওসি নূর হোসেন খন্দকার ও বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান গ্রেপ্তারের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
আকরাম বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের দৈবজ্ঞহাটি গ্রামের মৃত জয়নাল আবেদিন খানের ছেলে।
তার বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারিকাঠি বাজারে একসাথে ৪২ জনকে হত্যা, বাজার লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। ইতিহাসে ঘটনাটি ‘শাঁখারিকাঠি গণহত্যা’ নামে পরিচিত।
২০০৯ সালে যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হলে নিমাই চন্দ্র দাস নামে স্থানীয় এক ব্যক্তি রাজাকার আকরাম হোসেন খান ও আব্দুল লতিফ তালুকদারসহ ২০/৩০ জনের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে একটি মামলা করেন।
এরপর মামলাটি আমলে নিয়ে গত ১০ জুন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এরআগে একই গণহত্যায় জড়িত থাকার অভিযোগে গত ১১ জুন ভোরে কচুয়া উপজেলা থেকে আব্দুল লতিফ তালুকদারকে (৬৫) গ্রেপ্তার করা হয়।
শাঁখারিকাঠি গণহত্যা মামলায় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৭১ সালের ৫ মে আকরাম ও লতিফ তালুকদারসহ ২০/৩০ জন সশস্ত্র লোক কচুয়া উপজেলার শাঁখারিকাঠি বাজারে নিরীহ লোকজনের ওপর হামলা চালিয়ে লুটপাট, অগ্নিসংযোগ ও ৪২ জনকে হত্যা করে।”
তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটে করা ৬৩টি মামলার প্রাথমিক তদন্ত শেষে রামপাল উপজেলার ডাকরা গণহত্যা, কচুয়ার শাঁখারিকাঠি গণহত্যাসহ কিছু মামলা গত বছরের ২১ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়।
ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে গত ১০ জুন আকরাম হোসেন খান ও আব্দুল লতিফ তালুকদারসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এদিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের ওসি নূর হোসেন খন্দকার জানান, আকরামকে বর্তমানে নগরীর রাজপাড়া থানায় রাখা হয়েছে। দুপুরে তাকে ঢাকায় পাঠানো হবে।
