২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষ্ঠুর হিউমার করবেন না: ওবায়দুল কাদের

মেট্রো রেল প্রকল্পের ডিপো উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে হঠাৎ ঝড়ের কবলে পড়ে দৌঁড়ে মঞ্চ ছাড়ার সংবাদ পরিবেশনকে ‘নিষ্ঠুর হিউমার’ বলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 05:19 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বৃহস্পতিবার নগর ভবনে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) বোর্ড সভা শেষে মন্ত্রী বলেন, “ঝড়ের সাথে তো আর যুদ্ধ করতে পারবো না, ওখানে খোলা জায়গা, ঝড়ের মধ্যে দাঁড়িয়ে কি আমি প্রাণ দেবো?

“সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করবো, এটা নিয়ে অন্তত আপনারা হিউমারটা করবেন না, এগুলো নিষ্ঠুর হিউমার হয়ে যায়। আমি আমার অনুভুতির কথা বলছি, মাঝে মাঝে কষ্ট লাগে, সারাদিন গায়ে খাটি, পরিশ্রম করি- এসব বিষয়গুলো নিয়ে যদি কটাক্ষ করা হয়...।”

তিনি বলেন, “ওখানে যে ফলক উম্মোচন করা হবে তা জানতাম না, গত দুই বছরে আমি অনেক জায়গায় ফলক উম্মোচন করেনি,” বলেন মন্ত্রী।

রাজধানীর উত্তরায় ১২ জুন মেট্রো রেল প্রকল্পের ডিপো উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে হঠাৎ ঝড়ে মঞ্চের ওপর ভেঙ্গে পড়ে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য দেয়া প্যান্ডেল। 

অন্যান্যদের মতো ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল কাদেরও প্রাণভয়ে ছুটোছুটি করে নিরাপদ আশ্রয়ের সন্ধানে মঞ্চ ছাড়েন। পরদিন বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ছবি ও খবর প্রকাশিত হয়।

ক্ষোভ প্রকাশের পরপরই মেট্রো রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “মেট্রো রেলে আগামী ডিসেম্বরে দরপত্র আহ্বান করা হবে, এপ্রিলের শুরুতে ফিজিক্যাল ওয়ার্ক শুরু হবে এবং আগামী ২০১৯ সালে মেট্রো রেল যাত্রা শুরু করবে।”

সভায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।