২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপুরায় বিকাশ এজেন্টকে ‍গুলি, টাকা লুট

রাজধানীর রামপুরায় এক বিকাশ এজেন্টকে গুলি করে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 02:30 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উলন এলাকায় এ ঘটনায় গুরুতর আহত ইরান মুন্সীকে (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক। 

তিনি বলেন, “ইরানের বাম পায়ের উরুতে একটি গুলি লেগেছে। তিনি মালিবাগ চৌধুরী পাড়ার স্কাই ইন্টারন্যাশনাল নামে একটি বিকাশ এজেন্টের কর্মচারী।”

ইরানের সহকর্মী সানাউল্লাহ তাকে হাসপাতালে নিয়ে আসেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সানাউল্লাহ পুলিশকে বলেন, উলন এলাকায় হেঁটে দোকানে দোকানে গিয়ে টাকা সংগ্রহ করছিলেন ইরান। এসময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে গুলি করে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। 

ব্যাগটিতে প্রায় এক লাখ আশি হাজার টাকা ছিল বলে পুলিশকে জানিয়েছেন সানাউল্লাহ।

তিনি জানান, ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না, খবর পেয়ে যান।