‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নিয়ে প্রশ্নের অবকাশ নেই’
দশম সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের পক্ষে রায় এসেছে আদালতের।
ভোট ছাড়াই নির্বাচিত হওয়ায় তাদের বৈধতার প্রশ্ন তুলে করা একটি আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়ে হাই কোর্ট বলেছে, এই ১৫৩ জনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের বৈধতা নিয়ে ভোট বর্জনকারী বিএনপির প্রশ্ন তোলার মধ্যে কোনো সংসদীয় আসনের একক প্রার্থীকে সংসদ সদস্য ঘোষণার বিধান সম্বলিত গণপ্রতিনিধিত্ব আদেশের ১৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়।
গত ডিসেম্বরে এই রিট আবেদনটি করেছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও স্বনির্ভর গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালাম।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ তা খারিজের রায় দেয়।
একই বেঞ্চ গণপ্রতিনিধিত্ব আদেশে ‘না’ ভোটের বিধান সংযোজনের নির্দেশনা চেয়ে করা অন্য একটি রিট আবেদনও খারিজ করে দিয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের প্রশ্নে আদালতের রায়ে বলা হয়েছে, “সংবিধানের সুস্পষ্ট বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হলে কোনো আইন অসাংবিধানিক ঘোষণা করা যায় না। এ কারণে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৫৩ জন সংসদ সদস্যের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।”
‘না’ ভোটের বিষয়ে রিট আবেদনকারীদের যুক্তি খণ্ডন করে আদালত বলে, “ভারতীয় সংসদ তাদের নির্বাচনী আইনেই ‘ভোট না দেয়ার’ বিধান রেখেছে। আমাদের সেটা রয়েছে পেনাল কোডে। আইনসভা চাইলে আমাদেরও সেটা নির্বাচনী আইনে যুক্ত করতে পারে।
“যেহেতু তারা যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু আদালত সংসদকে নির্দেশনা দিতে পারে না। ক্ষমতা আলাদা করার ড্রকট্রিন অনুসারে, সংবিধানে ভোট না দেয়ার বিধান আইনে যুক্ত করার নির্দেশনা না থাকলে আদালত নির্দেশনা দিতে পারে না।”
সংবিধানে নির্দেশনা থাকার কারণে আদালত মাসদার হোসেন মামলায় আইন করার নির্দেশনা দিতে পেরেছিল বলেও মত দেয় হাই কোর্ট।
‘১৫৩ জন নিয়ে আর প্রশ্ন নয়’
দুই রিট আবেদন খারিজের এই রায়ের পর সাংবাদিকদের মুখোমুখি হন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
তিনি বলেন, “আজ দুটি রিটের নিষ্পত্তি হয়েছে। রায়ের মাধ্যমে হাই কোর্ট উভয় রিটের রুলকে খারিজ করে দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে আবেদনকারীরা সার্টিফিকেট আবেদন করেছিলো, সেটাও আদালত প্রদান করেন নাই। এই রায়ের মাধ্যমে একটি বহুল বিতর্কিত বিষয়ের নিষ্পত্তি হল বলে আমি মনে করি।”
“এখন আর ১৫৩ জনের নির্বাচন নিয়ে কোনো রকম প্রশ্ন তোলার আর কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। তাদের নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ আছে বলেও আমি মনে করি না,” বলেন অ্যাটর্নি জেনারেল।
বিএনপিবিহীন গত ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৫৩ আসনে একক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
ওই ১৫৩ জনের নির্বাচন চ্যালেঞ্জ করে রিট আবেদনে বলা হয়েছিল, এদের নির্বাচন সঠিক হয়নি এবং এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশের ১১৯ অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা।
অ্যাটর্নি জেনারেল বলেন, “রিটকারীদের মুখ্য বক্তব্য ছিলো, যেহেতু আরপিও’র ধারা ১৯’র পরিপ্রেক্ষিতে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং যেহেতু আরপিও’র এই বিধানের পরিপ্রেক্ষিতে তারা এই সুযোগ লাভ করেছেন, তাই এই বিধান বাতিল করে দেয়ার দরকার।
৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে একটি কেন্দ্রে ভোট দেয়ার চিত্র। একজন মাত্র প্রার্থী থাকায় ১৫৩টি আসনে ভোটের প্রয়োজনই পড়েনি।
‘না’ ভোটের সুযোগ রাখার বিষয়ে রিট আবেদনের বিষয়ে মাহবুবে আলম বলেন, “আদালত এই মর্মে রায় দিয়েছেন, আরপিওতে কোনো কিছু সংযোজন করা বা বিয়োজন করা, এটা সম্পূর্ণ সংসদের এখতিয়ার। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ একমাত্র সংসদই নিতে পারে।”
আবেদনকারীরা মাসদার হোসেন মামলার কথা উল্লেখ করে বলেছিল, আদালত সরকারকে ওই মামলার মতো নির্দেশ দিতে পারে।
“আদালত এ ব্যাপারে বলেছেন, ওই মামলা আর এই মামলার প্রেক্ষিত এক না। সেটা হলো সংবিধানের ব্যাপার। আর এটা হলো গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ব্যাপার।”
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গণপ্রনিধিত্ব আদেশ সংশোধন করে ‘না’ ভোটের বিধান যোগ করা হয়েছিল। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ‘না’ ভোট দেয়ার সুযোগ ছিল। তবে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২০০৯ সালে ‘না’ ভোটের বিধান বাদ দেয়া হয়।
‘না’ ভোটের বিষয়ে নিজের মত জানিয়ে মাহবুবে আলম বলেন, ১৯৩টি রাষ্ট্র জাতিসংঘের সদস্য। তার মধ্যে রিটকারীরা ১২-১৩টি রাষ্ট্রের কথা উল্লেখ করেছেন, যেখানে হ্যাঁ-না ভোট আছে।
“যেখানে ৯০ শতাংশ রাষ্ট্রে না ভোটের বিধান নাই। সেখানে আমাদের বাংলাদেশে এটা সম্পূর্ণ অপ্রয়োজনীয়। এটা যারা বলছেন, তারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন।”
“তারা বুঝতে পারছেন না, সময়মতো নির্বাচন না হলে আমাদের সংবিধানের ধারাবাহিকতা ব্যাহত হত। এটা ব্যাহতের সুযোগ নিয়ে অনির্বাচিত লোকেরা ক্ষমতায় আসার পাঁয়তারা হয়ত করতে পারত,” বলেন মাহবুবে আলম।
সেইসঙ্গে তিনি বলেন, সাংবিধানিক শূন্যতার সৃষ্টি যেন না হয়, সেজন্য ৫ জানুয়ারির নির্বাচন করা ছিল ‘আবশ্যিক’। গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণও দরকার ছিল।
