২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট পড়েছে ৪০ শতাংশ

বিরোধী দলবিহীন দশম সংসদ নির্বাচনের ১৩৯ আসনে গড়ে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ।

মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 08:07 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ভোটের পরদিন সোমবার ইসির ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ১৩৯ আসনের মোট ৪ কোটি ১৫ লাখ ২১ হাজার ৩২৫ ভোটের মধ্যে ১ কোটি ৬৫ লাখ ৩০ হাজার ৭৭৫ জন ভোট দিয়েছেন। এর মধ্যে আড়াই লাখ বাতিল ভোট রয়েছে।

এ হিসেবে এবার ভোটের হার দাঁড়ায় ৩৯ দশমিক ৮১ শতাংশ। নবম সংসদ নির্বাচনে এই হার ছিল ৮৭ দশমিক ১৩ শতাংশ।

বাংলাদেশে এই পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে এর চেয়ে কম ভোটার ভোট দিয়েছিলেন। ওই বার ২৬ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছিল। ওই নির্বাচনও ছিল বিরোধী দলবিহীন।

এবার নির্বাচনে ভোটারের উপস্থিতি কম হওয়ায় ভোটের হার ৪০ শতাংশ হলেই সন্তুষ্ট হবেন বলে ভোটের দিন জানিয়েছিলেন নির্বাচন কমিশনার আবু হাফিজ। তবে তার সেই আশা পূরণ হয়নি।

আওয়ামী লীগ ভোটের এই হার নিয়ে অসন্তোষ প্রকাশ না করলেও বিএনপি বলছে, এর মধ্যদিয়ে জনগণ এই সরকারকে ‘না’ বলে দিয়েছে। তাদের দাবি, ‘প্রহসনের’ এই নির্বাচনে ভোটের হার আরো কম, জালিয়াতি করে তা বাড়ানো হয়েছে।

১৫৩ আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ১৪৭ আসনে রোববার ভোটগ্রহণ হয়। এর মধ্যে গোলযোগ হওয়ায় ৮টি আসনের তিন শতাধিক কেন্দ্রে ১৬ জানুয়ারি পুনরায় ভোট হবে।

১৩৯ আসনের ১৭ হাজার ২৪৯টি কেন্দ্রে ভোট হয়। এরমধ্যে স্থগিত রয়েছে ২০৫টি কেন্দ্রের ভোট।

১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচনে ৫৫ দশমিক ৬ শতাংশ,  ১৯৭৯ সালের ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় সংসদে ৫১ দশমিক ৩ শতাংশ,  ১৯৮৬ সালের ৭ মে তৃতীয় সংসদে ৬৬ দশমমিক ৩ শতাংশ,  ১৯৮৮ সালের ৩ মে চতুর্থ সংসদে ৫১ দশমিক ৩ শতাংশ, ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম সংসদে ৫৫ দশমিক ৫ শতাংশ, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ট সংসদে ২৬ দশমিক ৫ শতাংশ, ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদে ৭৫ শতাংশ, ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম সংসদে ৭৫ দশমিক ৬ শতাংশ এবং ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম সংসদে ৮৭ দশমিক ১৩ শতাংশ ভোট পড়েছিল।

সবচেয়ে বেশি ভোট গোপালগঞ্জে, কম বগুড়ায়

এবার নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে গোপালগঞ্জ-৩ আসনে। যেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে ভোট পড়ে ৮৯ দশমিক শতাংশ।

গোপালগঞ্জ ৩ আসনে ২ লাখ ১১ হাজার ৯৫১ ভোটারের মধ্যে ১ লাখ ৯০ হাজার ৬৪৯ জন ভোট দিয়েছেন।

সবচেয়ে কম ভোট পড়ে বগুড়া-৪ আসনে। এ আসনে ১২ দশমিক ৮২ শতাংশ ভোট পড়ে। বগুড়ার এ আসনে ২ লাখ ৮৩ হাজার ২৫৩ ভোটারের মধ্যে মাত্র ৩৬ হাজার ৩২১ ভোট পড়ে। ভোট বাতিল হয়েছে ২ লাখ ৫১ হাজার ৪৮৩।

দলভিত্তিক ভোট

নির্বাচনে অংশ নেয়া ১২টি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ ১ কোটি ১৮ লাখের মতো ভোট পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ভোট গেছে স্বতন্ত্র প্রার্থীদের খাতায় ২৪ লাখ।

জাতীয় পার্টি ১১ লাখ ৭৪ হাজার ৬৩৮, ওয়ার্কার্স পার্টি ৩ লাখ ৫৬ হাজার ৭৬৫, জাসদ ২ লাখ ৩ হাজার ৭৬৫, তরীকত ফেডারেশন ১ লাখ ২৭ হাজার ৭৯৩, বিএনএফ ১ লাখ ৭ হাজার ৯৯০, জাতীয় পার্টি-জেপি ৭৮ হাজার ৬৬৫ ভোট, গণতন্ত্রী পার্টি ২ হাজার ৩১, ন্যাপ ৭ হাজার ১২০, গণফ্রন্ট ২ হাজার ৭১৭, খেলাফত মজলিস ৫ হাজার ৭২৫, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ২ হাজার ৫৮৫ ভোট পেয়েছে।

আট আসনে পুনরায় ভোট ১৬ জানুয়ারি

ভোটের হার ৪০ শতাংশ পেরুলেই ‘খুশি’ ইসি

৯৭ শতাংশ কেন্দ্রে সুষ্ঠু ভোট হয়েছে: সিইসি