২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশি নির্যাতনে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ

চট্টগ্রামে পুলিশি নির্যাতনে এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 12:38 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

বুধবার গভীর রাতের এ ঘটনায় নিহত মো. রোকনুজ্জামান (৪২) নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতের চাচাত ভাই মো. হারুনুর রশীদ ডিউক অভিযোগ করে বলেন, “রাতে পাঁচলাইশ থানার এসআই আমির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নগরীর বাকলিয়া থানার ছৈয়দ শাহ লেইন এলাকার বাসা থেকে রোকনুজ্জামানকে গ্রেপ্তার করতে যায়।”

তিনি বলেন, “পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলে পরিবারের সদস্যরা বাধা দেন এবং পরোয়ানা দেখতে চান।”

এসময় পুলিশ  রোকনুজ্জামানকে মারধর করে অভিযোগ করে ডিউক বলেন, “এতে তিনি অসুস্থ হয়ে যান। অসুস্থ অবস্থায় পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে আসে এবং রাত দেড়টার দিকে রোকন মারা গেছে বলে আমাদের জানায়।”  

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাস্থলে থাকা লোকজনের সাথে কথা বলে জেনেছি রোকনুজ্জামানকে গ্রেপ্তার করার সময় তিনি অসুস্থবোধ করেন এবং তাকে চিনি দিতে বলেন।

“এসময় পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তবে পরিবারের সদস্যদের যদি কোন অভিযোগ থাকে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ ।