মধুমতিতে পণ্যবাহী ট্রাক নিয়ে ফেরি ডুবি
গোপালগঞ্জে কাশিয়ানীতে মধুমতি নদীতে পণ্যবাহী ট্রাক নিয়ে একটি ফেরি ডুবে গেছে।
গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কালনা ফেরিঘাটের গোপালগঞ্জ পাড় থেকে নড়াইল পাড়ে পৌঁছে ফেরিটি ডুবে যায়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এদিকে ফেরি চালক মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘ দিন ধরে ফেরিটির তলায় একটি ছিদ্র ছিল। যেটি কয়েক দিন আগেও মেরামত করা হয়েছিল।”
ঘটনার প্রতক্ষ্যদর্শী কালনা ঘাট এলাকার ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, “ভোরে কালনা ঘাটের গোপালগঞ্জ পাড় থেকে একটি ফেরি নড়াইল পাড়ে এসে পৌঁছানো মাত্র ডুবে যায়। প্রায়ই শ্যালো মেশিন বসিয়ে এ ফেরি থেকে পানি ফেলতে দেখা যেত।”
নড়াইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস জানান, ডুবে যাওয়া ফেরিটি গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। বর্তমানে অন্য একটি ফেরি দিয়ে ঘাটে পারাপার স্বাভাবিক রাখা হয়েছে।
