৩৯ বছরে নৌপথ কমেছে ৭ হাজার কিলোমিটার
৪৩ বছর আগে যতটুকু নৌপথ ছিল, এখন বর্ষাকালেই তার দৈর্ঘ্য ৭ হাজার ৪২৮ কিলোমিটার কম এবং গ্রীষ্মকালে ব্যবহারোপযোগী নৌপথের দৈর্ঘ্য আরো কমে যায়।
বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের লিখিত উত্তরে নৌপথের এই হতাশাজনক চিত্রের দেখা মেলে।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে নৌপথ দৈর্ঘ্যে বর্ষাকালে প্রায় ৬ হাজার ২৩২ কিলোমিটার ও শুষ্ক মৌসুমে প্রায় ৪ হাজার ৩২ কিলোমিটার।
স্বাধীনতার পর ১৯৭৫ সালে বিআইডব্লুটিএর মাইলেজ টেবিল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্ষাকালে প্রায় ১৩ হাজার ৬৬০ কিলোমিটার (প্রায় ৮৪৮৬ মাইল) এবং শুষ্ক মৌসুমে প্রায় ৫ হাজার ২২৪ কিলোমিটার নৌপথ ছিল।
খননের মাধ্যমে নৌপথ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানান শাজাহান খান।
কুড়িগ্রাম-৩ আসনরে এ কে এম মাইদুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিআইডব্লিওটিএ কর্তৃপক্ষ গত ৫ বছরে ৩১০ কিলোমিটার নৌ-ফেরিপথ ড্রেজিং করেছে। ড্রেজিংয়ের ফলে নৌপথের দৈর্ঘ্য ৬২৮ কিলোমিটার বেড়েছে।
নাব্যতা হারিয়ে যাওয়া নদীপথগুলোকে তালিকাভুক্ত করা হয়েছে জানিয়ে নৌমন্ত্রী বলেন, ৫৩টি রুট ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় রয়েছে।
ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য সাড়ে ১১ হাজার কোটি টাকা পরিকল্পনা নেয়া হয়েছে। এতে প্রথম পর্যায়ে ১ হাজার ৮৭৩.৬৪ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে এবং ড্রেজিংয়ের কাজও শুরু হয়েছে বলে মন্ত্রী জানান।
দেড় বছরে লঞ্চডুবিতে ৯৩ জনের মৃত্যু
নৌমন্ত্রী সংসদে জানিয়েছেন, গত দেড় বছরে লঞ্চডুবিতে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।
কুমিল্লা-৮ আসনের নুরুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে ২০১৩ সালে লঞ্চডুবিতে ২০ জনের মৃত্যু ঘটেছে।এ বছরে এ পর্যন্ত তিনটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে যাতে ৭৩ জন মারা গেছেন।
নৌদুর্ঘটনার জন্য দুর্যোগপূর্ণ আবহাওয়া, ত্রুটিপূর্ণ নৌযান, ওভার লোডিং, বেআইনি ও বেপরোয়া চালনাকে দায়ী করেছেন তিনি।
সেইসঙ্গে বলেছেন, সরকারের নানা পদক্ষেপ ও সতর্কতামূলক ব্যবস্থার ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
