হাবিবুল আউয়ালের প্রেষণের মেয়াদ বাড়ল
রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় প্রেষণে নিয়োজিত প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আউয়ালের চাকরির মেয়াদ বেড়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে প্রতিরক্ষা সচিব হিসাবে হাবিবুল আউয়ালের প্রেষণের মেয়াদ আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
বিচার বিভাগের কর্মকর্তা হাবিবুল আউয়াল আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে সুপারনিউমারারি (স্বল্প সময়ের জন্য) সচিব হিসাবে কর্মরত ছিলেন।
সেখান থেকে তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় ধর্ম সচিব এবং পরে প্রতিরক্ষা সচিব হিসাবে প্রেষণে নিয়োগ দেয়া হয়।
এই প্রেষণের মেয়াদ শেষ হওয়ার পরে হাবিবুল আউয়ালকে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের (সুপারনিউমারারি) সচিব পদে প্রত্যাবর্তন করতে হবে বলে আদেশে বলা হয়েছে।
আগামী বছরের ১৭ জানুয়ারি অবসরপ্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) যাবেন হাবিবুল আউয়াল। পিআরএল-এ যাওয়ার দুই দিন আগ পর্যন্ত তার প্রেষণের মেয়াদ বাড়ানো হলো।
