২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দশ তরুণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

দশ তরুণের নিজেদের অর্থায়নে নির্মিত ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রামে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 07:00 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নগরীর থিয়েটার ইন্সটিটিউটের ল্যাবরেটরি অডিটরিয়ামে এ প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম চারুকলা ইন্সটিটিউটের অধ্যাপক ঢালী আল মামুন।

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে প্রদর্শনীর আয়োজক ফিল্ম মেকার্স গিল্ড, চট্টগ্রামের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব ড. ঋষিণ দস্তিদার জানান, চট্টগ্রামের দশজন প্রতিভাবান তরুণ জীবনের বিভিন্ন দিক নিয়ে ১০ থেকে ১৫ মিনিট ব্যাপ্তির এসব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন।

তাদের প্রতিভাকে তুলে ধরতে এবং চট্টগ্রাম কেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণ ও আন্দোলনকে গতিশীল করতেই এ আয়োজন উল্লেখ করে তিনি বলেন, চলচ্চিত্রগুলোতে সমকালীন এবং মানুষের দৈনন্দিন বিষয় ঠাঁই পেয়েছে।

প্রদর্শনীতে অনীক মিত্রের ‘নূরজাহান’, অঞ্জন সরকার জিমির ‘রুম’, হিন্দোল রায়ের ‘খোলা হাওয়া’, মোকাদ্দেম মোর্শেদের ‘লড়াই’, সুজন ভট্টচার্যের ‘দেয়াল’ প্রদর্শিত হবে।

এছাড়া পংকজ রণি পরিচালিত ‘নগর কইন্যা’, মোর্শেদ হিমাদ্রী হিমুর ‘তাড়া’, রফিকুল আনোয়ার রাসেলের ‘অ্যাডভেঞ্চার’, আলমগীর কবিরের ‘লাইটম্যান’ ও আবু নাইম মাহতাব মোর্শেদের ‘সময়’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সংবাদ সম্মেলনে এসব চলচ্চিত্রের পরিচালকরা জানান, নিজেদের স্বজন, বন্ধুরা মিলে এসব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অর্থের যোগান দেয়া হয়েছে।