নূর হোসেনকে দ্রুত ফিরিয়ে আনার তাগিদ
নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে ব্যবস্থা গ্রহণের জন্য তাগাদা দিয়েছে সংসদীয় কমিটি।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, “নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় একটু সময় লাগতে পারে। সেক্ষেত্রে একটা কথা উঠেছে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা যায় কি না। তবে নূর হোসেনকে দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ করার ওপর জোর দিয়েছে কমিটি।”
ভারতের আইন লংঘনের অভিযোগে নূর হোসেনকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করায় সেখানে বিচার শেষ করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সময় লাগবে বলে মন্তব্য করেন তিনি।
ভারতে নূর হোসেনের অপরাধকে ‘ছোট অপরাধ’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, “এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ করে কিভাবে দ্রুত তাকে ফিরিয়ে আনা যায় তার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।”
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল শনিবার রাতে কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী বাগুইআঁটির একটি বাড়ি থেকে দুই সহযোগীসহ নূর হোসেনকে গ্রেপ্তার করে।
পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনজনকে আট দিনের রিমান্ডে পাঠিয়েছে উত্তর চব্বিশ পরগণার একটি আদালত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে নূর হোসেনের গ্রেপ্তার ও তাকে হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে নূর হোসেনের গ্রেপ্তারের কথা জানিয়ে তার সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে নয়া দিল্লি।
গত ৩০ এপ্রিল লাশ উদ্ধারের ছবি
সাত খুনের ঘটনা তদন্তে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাজাহান আলী মোল্লা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রয়োজনে ভারতে গিয়ে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদ করবেন তারা।
এ বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি বলেন, “ভারতের আইন ভঙ্গের অপরাধে বিচারের আগে তাকে (নূর হোসেন) ফেরত আনা যায় কি না সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।”
শাস্তি দিয়ে ভাবমূর্তি ‘পুনরুদ্ধার’
নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ ও হত্যায় জড়িতদের শাস্তি দিয়ে সরকারের ভাবমূর্তি ‘পুনরুদ্ধার’ করতে হবে বলে মনে করে সংসদীয় কমিটি।
কমিটির সভাপতি টিপু মুনশি বলেন, “রামমোহন রায়ের একটি কথা আছে- অনেক সময় বিপদ সম্পদে পরিণত হয়। নারায়ণগঞ্জের এই ঘটনা আমাদের জন্য বিপদ। কিন্তু জড়িত কর্মকর্তাদের শাস্তি দিয়েই এর থেকে পরিত্রাণ পেতে হবে।”
সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. মোজাম্মেল হোসেন, শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহামুদ স্বপন, ফখরুল ইমাম ও কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়া স্বরাষ্ট্র সচিব সি কিউ কে মোশতাক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
