শ্রীমঙ্গলে ‘ডাকাতের’ লাশ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক ‘ডাকাতের’ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্নাফ মিয়ার (৪০) লাশ ফুলছড়া চা বাগান সংলগ্ন রাবার বাগানে পাওয়া যায়। মন্নাফ ডাকাত ছিল বলে পুলিশ জানিয়েছে।
তবে কীভাবে তার মৃত্যু হয়েছে পুলিশ তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাবার বাগানের প্রহরীরা লাশটি দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসে, পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
মাহবুব আরো বলেন, মন্নাফ এলাকার নামকরা ডাকাত ছিল। তার নামে চারটি ডাকাতির মামলা রয়েছে। কিছুদিন আগে সে একটি ডাকাতি মামলায় কারাভোগ করে জামিনে ছাড়া পায়।
মন্নাফ উপজেলা সদরের রুপসপুর আবাসিক এলাকার প্রয়াত নিম্বর আলীর ছেলে।
এ ব্যাপারে থানায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে এসআই মাহবুব জানান।
