গাজীপুরে মশার কয়েলে আগুন, দগ্ধ ৩
গাজীপুরে মশার কয়েল থেকে আগুন ধরে শিশুসহ একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছে।
বুধবার ভোর পৌনে ৪টার দিকে ডেগেরচালা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হোসেন।
তারা হলেন– জুয়েল হোসেন (২৫), তার স্ত্রী মুন্নী আক্তার মুনিরা (২২) এবং তাদের সাত মাসের ছেলে ফাহিম হোসেন।
জুয়েলের মামা মতিউর রহমান জানান, ভোরের দিকে কোন একসময় মশার কয়েলের সঙ্গে কাপড় লেগে আগুন ধরে যায়।
একপর্যায়ে আগুন বিছানায় ছড়িয়ে পড়লে তিনজনের গায়ে আগুন লেগে যায়। পরে প্রতিবেশীরা এসে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে।
জুয়েল স্থানীয় ইস্টওয়েস্ট পোশাক কারখানায় কাজ করেন।
ডেগেরচালায় সফিকুল ইসলামের বাড়িতে গত তিন বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকেন তিনি। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল থানার রসূলপুর গ্রামে।
