২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের হতাশ করবেন না: মন্ত্রী

পাসের হারের সঙ্গে শিক্ষার মান বাড়ছে না বলে যে অভিযোগ রয়েছে, তা নাকচ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 12:05 AM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার সংসদে ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “শিক্ষার মান বাড়ছে না বলে ছেলে-মেয়েদের হতাশ করবেন না। তারা জেনেই পাস করছে।”

গণিত ও ইংরেজিতে অতিরিক্ত বিশেষ ক্লাস নেয়ার এই দুটি বিষয়ে পাসের হার বেড়েছে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “পরীক্ষার আগে কেউ কিছু বলেন না, অথচ ফল বের হওয়ার পর এনিয়ে কথা বলেন।

“আমাদের ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিন, শুধরে নেব।”

সরকার কারিগরি শিক্ষায় জোর দিয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কারিগরিতে শিক্ষার্থীদের সংখ্যা আগের থেকে আট গুণ বেড়েছে। মানুষকে আমরা সম্পদে পরিণত করতে চাই যেন তারা নিজেদের জীবন ও দেশকে এগিয়ে নিতে পারে।

শিক্ষাখাতে কিছু সমস্যা আছে জানিয়ে নাহিদ বলেন, শিক্ষায় বিনিয়োগ ও বরাদ্দ বাড়াতে হবে। শিক্ষায় বিনিয়োগের থেকে ভালো কিছু হতে পারে না।

“আমরা এক টাকা দিয়ে দুই টাকার কাজ করছি। শিক্ষায় বরাদ্দ আরো বাড়াতে হবে। বেসরকারি বিনিয়োগকারীদেরও এই খাতে এগিয়ে আসতে হবে।”