মুগদায় ছিনতাইকারীর গুলিতে আহত ২
রাজধানীর মুগদায় ছিনতাইকারীর গুলিতে দুজন আহত হয়েছেন।
এরা হলেন-রুবেল হক (২৫) ও দেলোয়ার হোসেন। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মুগদা বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে বলে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান।
তিনি বলেন, রুবেল একটি রিকশায় করে যাওয়ার সময় একটি মোটর সাইকেলে করে তিন যুবক এসে তাকে গুলি করে। এরপর তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।
এসময় তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে দেলোয়ার নামে এক রিকশাচালকের কাঁধে গুলি লাগে বলে জানান তিনি।
এসআই জানান, রুবেলকে প্রথমে স্থানীয় খিদমা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। তার দুই পা ও কোমরে গুলি লেগেছে।
হাসপাতালে রুবেলের ভাই সুজন জানান, তার ভাই পুরানা পল্টনের একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করে। তার সঙ্গে পাঁচ থেকে ছয় লাখ টাকা ছিল।
রুবেলের বাসা পুরান ঢাকার শরত গুপ্ত সড়কে।
