২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরে ফরমালিন এসেছে পৌনে ১১ লাখ কেজি

শিগগিরই ফরমালিন নিয়ন্ত্রণ আইন প্রণয়ন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 07:36 PM

Updated : 13 Oct 2022, 12:14 PM

গত চার বছরে মোট ১০ লাখ ৭৩ হাজার কেজি ফরমালিন দেশে আনা হয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন।

২০১০ সালের তুলনায় গত বছর ১০ ভাগের এক ভাগ (৫৫ হাজার কেজি) ফরমালিন আমদানি হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে বাণিজ্যমন্ত্রী বলেন, শিগগিরই ফরমালিন নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হবে।

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সানজিদা খানমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফরমালিন প্রধানত গবেষণার কাজে বিভিন্ন হাসপাতাল, ল্যাবরেটরি ও ওষুধ শিল্পে ব্যবহার হয়ে থাকে। ফরমালিন কোনো এজেন্টের মাধ্যমে আমদানি হয় না।

ফরমালিন আমদানিকারক ৩৮টি প্রতিষ্ঠানের নামের তালিকাও তুলে ধরেন তিনি।

তোফায়েল আহমেদ জানান, ২০০৯-২০১০ অর্থবছরে ৫ লাখ ৪৪ হাজার ৮৪৬ দশমিক ৫৩ কেজি, ২০১০-২০১১ অর্থবছরে ২ লাখ ৬৯ হাজার ৩২২ দশমিক ৭৭ কেজি, ২০১১-২০১২ অর্থবছরে ২ লাখ ৫ হাজার ৯৬ দশমিক ১৫ কেজি এবং ২০১২-২০১৩ অর্থবছরে ৫৫ হাজার ১৭৩ কেজি ফরমালিন দেশে আমদানি করা হয়েছে।

কামরুল আশরাফ খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফরমালিন আমদানি নিয়ন্ত্রণ করতে সরকার ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৪ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আইনের খসড়া ৫টি পর্যবেক্ষণসহ নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ইতোমধ্যে আইনটির ভেটিং হয়েছে।

“বাকি আনুষ্ঠানিকতা শেষে শিগগির আইনটি গেজেট আকারে প্রকাশ হবে।”

গত বছর ১৪ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় এক আদেশে অবাধ ফরমালিন আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী।

মাহমুদ উস সামাদ চৌধুরীর এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সচেষ্ট রয়েছে সরকার। এ লক্ষ্যে ব্যবসায়ী সংগঠন, নেতৃত্ব স্থানীয় পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ অন্যান্য অংশীদারদের নিয়ে সভা করা হয়েছে। তারা রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন।

“দ্রব্যমূল্য বৃদ্ধি বা অন্য কোন অস্বাভাবিক পরিস্থিতি যাহাতে সৃষ্টি না হয় সেই জন্য গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে।”

এছাড়া রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকা মহানগরে বাণিজ্য মন্ত্রনালয়ের ১৪ টিম বাজার মনিটরিং করবে বলে জানান মন্ত্রী।

ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিশ্ব মন্দায় রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। বিশ্ব মন্দা চলমান থাকার পরেও আমাদের রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা আরো সুদৃঢ় হয়েছে।”

আরেক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবছরে  বিশ্বের ৯৪টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে। তবে এই বাণিজ্য বৈষম্য হ্রাস করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে বিভিন্ন ধরনের পদক্ষেপ  নেয়া হয়েছে।

বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।