২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতারণার মামলায় উইন্ডমিল এমডিকে গ্রেপ্তারে পরোয়ানা

চেক প্রতারণার তিনটি মামলায় বিজ্ঞাপনী সংস্থা উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম রিয়াজউদ্দিন মোশারফকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 06:54 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

বিজ্ঞাপনী প্রতিষ্ঠান স্টেপ মিডিয়ার করা মামলাগুলোয় মঙ্গলবার পরোয়ানা জারির এই আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মারুফ হোসেন।    

গত ২৭ মে উইন্ডমিলের বিরুদ্ধে এই মামলাগুলো করেন স্টেপ মিডিয়ার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম হাদিউল আজম ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  স্টেপ মিডিয়া একটি বেসরকারি ব্যাংকের মোবাইল ব্যাংকিংয়ের এবং একটি মোবাইল অপারেটরের থ্রি জি ইন্টারনেটের প্রচারে ২ কোটি টাকার কাজ পেয়েছিল উইন্ডমিলের কাছ থেকে।

কাজ শেষে ওই টাকা পরিশোধে রিয়াজউদ্দিন মোশারফ ৯৭ লাখ ৪১ হাজার ৩৬৪ টাকার স্টান্ডার্ড চার্টার্ড  ব্যাংকের চারটি চেক দেন।

“ওই চেক মার্কেন্টাইল ব্যাংকের গুলশান শাখায় আমাদের একাউন্টে নগদায়ন করতে গেলে অপর্যাপ্ত তহবিলের কারণে ফেরত আসে,” বলেন আজম।

এরপর বারবার ধরনা দিয়েও কাজ না হওয়ায় উইন্ডমিলের বিরুদ্ধে মামলা করে স্টেপ মিডিয়া।

বাদী পক্ষের আইনজীবী আতাউর রহমান ডিউক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের এই মামলাগুলো দায়ের দিন আসামিকে আদালত তলব করেছিলেন বিচারক। 

“কিন্তু সমন পেয়েও হাজির হওয়ার তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়েছে।”