গৃহবধূ হত্যায় স্বামীসহ তিনজনের মৃত্যুদণ্ড
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় যৌতুকের কারণে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নিহতের স্বামী ইব্রাহিম খলিল, ভাসুর আবদুল মিয়া ও ননদ আনোয়ারা বেগম। এদের মধ্যে খলিল ও আব্দুল মিয়া পলাতক।
জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এটিএম মহিব উল্লাহ জানান, ২০০৫ সালের ২৬মে সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরকচ্ছপিয়া গ্রামে যৌতুকের কারণে গৃহবধূ আয়েশা খাতুনকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের মা ছকিনা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করেন।
