না’গঞ্জে ফরমালিনযুক্ত আম ও আনারস ধ্বংস
নারায়ণগঞ্জ শহরের চারারগোপ এলাকায় পাইকারি ফলের আড়ত থেকে ফরমালিনযুক্ত পাঁচ মণ আম ও ১০ মণ আনারস ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক উপসচিব মোহাম্মদ শাহ আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জেবিন, জেলা বাজার কর্মকর্তা টিএম মাহমুদুল হোসেন, নগর ক্যাব এর সাধারণ সম্পাদক কাজী দুলাল প্রমুখ।
অভিযান চলাকালে রানিগঞ্জ বাণিজ্যালয় ও বাবু বাণিজ্যালয়কে আম ও আনারসে ফরমালিন মেশানোর দায়ে ২৫ হাজার টাকা করা হয়।
এ সময় শুধু রাজশাহীর বাঘা থেকে চারারগোপে আসা একটি ট্রাকের আমে ফরমালিন পাওয়া যায়নি।
পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নগরীর গলাচিপা এলাকায় সুগন্ধা বেকারির কারখানাকে চল্লিশ হাজার টাকা ও শহরের দুই নম্বর রেলগেট এলাকায় আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডারকে বিশ হাজার টাকা জরিমানা করে।
