কালশীতে হতাহতের ঘটনায় মোহাম্মদপুরে বিক্ষোভ
মিরপুরের কালশীতে ক্যাম্পে সংঘাতে হতাহতের ঘটনায় বিক্ষোভ করেছে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আটকে পড়া পাকিস্তানিরা।
সোমবার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন সড়কে বিক্ষোভ থেকে তারা হামলার জন্য দায়ীদের শাস্তি দাবির পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।
এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, এই ঘটনায় যদি পুলিশের কোনো সদস্যের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
শবে বরাতের রাতে আতশবাজি ফোটানো নিয়ে শনিবার মিরপুরের কালশীতে আটকে পড়া পাকিস্তানিদের ক্যাম্পে হামলা হয়। ওই সময় ঘরে অগ্নিসংযোগ করা হলে নয়জন পুড়ে মারা যান। পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন একজন।
মিরপুরের মতো মোহাম্মদপুরেও আটকে পড়া পাকিস্তানিদের একটি বড় অংশ থাকেন, যারা সাধারণভাবে ‘বিহারি’ নামে পরিচিত।
সোমবার দুপুরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ওই ক্যাম্পের বাসিন্দারা। এই কারণে মোহাম্মদপুরের কলেজ গেইট, কৃষি মার্কেট, মোহাম্মদপুর থানা রোড, বাবর রোড ও তাজমহল রোড এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বিক্ষোভের কারণ দেখিয়ে ক্যাম্পের চেয়ারম্যান গোলাম জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুদিন আগে ঢাকা জেলা প্রশাসক বলেছিলেন, দোষীদের গ্রেপ্তার করা হবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। অথচ তিন দিনেও এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
বিক্ষোভের সময় মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার ফাঁসির দাবিতে স্লোগান দেয়া হয়। মিরপুরের ক্যাম্পবাসীর অভিযোগ, হামলা চালিয়েছিল আওয়ামী লীগের সংসদ সদস্যের অনুসারীরা।
মোহাম্মদপুরে বিক্ষোভকারীদের একজন হীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এ কারণে ওই এলাকার পুলিশের ডিসি, এডিসি, এসিসহ পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”
ক্যাম্পবাসীর এই অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর বিকালে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “যদি পুলিশের বিরুদ্ধে কোনো গাফিলতির অভিযোগ পাওয়া যায়, তবে
তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।”
এ ঘটনা তদন্তে পুলিশ একটি কমিটি গঠন করেছে। যে কয়টি মামলা হয়েছে, তার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
কালশীতে সংঘটিত ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যের বিষয়ে বেনজীর বলেন, “তাদের বক্তব্য রাজনৈতিক। প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত।”
