২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেলায় দুর্ঘটনায় ৬ জন নিহত

সিরাজগঞ্জের তাড়াশ ও দিনাজপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে মারা গেছেন এক দম্পতিসহ ৩ জন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 11:46 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দিনাজপুর কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন জানান, সোমবার সকালে সদর উপজেলার রামডুবি মোড়ে বিআরটিসির বাস একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে

মারা যান মোরসাইকেলের চালক রেজাউল করিম (৪২)।

“এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা মোক্তার আলী (৬০) ও তার স্ত্রী জাহানারা (৫০)। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”   

বিআরটিসির বাসটি দিনাজপুর থেকে রংপুর যাচ্ছিল বলে জানান ওসি।

ভোর সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পাথর বোঝাই ট্রাকের সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হন ৩ জন।

হামকুড়িয়া এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ঢাকা থেকে নাটোরগামী পিকআপটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এবিএম ইমদাদুল হক।

নিহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর ট্রাকচালক মিজানুর রহমান (৩৭) ও তার সহকারী স্বপন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। 

দুর্ঘটনার সময় স্বপন ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানান ওসি ইমদাদু।